পটের গান, বাংলার বাঘ
গ্যালারিজুড়ে বর্ণিল ক্যানভাস। শিল্পী নাজির বিচিত্র এক রীতিতে ক্যানভাসগুলো শৈল্পিক করে তুলেছেন। নাজিরের ছবিতে গরু কিংবা ঘোড়া নয়, গাড়ি টানে বাঘ। গাড়িতে বসে আনন্দে ঘুরে বেড়ান নারী-পুরুষ। তাঁদের মাথার ওপর পাখি ওড়ে। নিচে কুমিরেরা খেলা করে। এই ধরনের ছবি নিয়ে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে শিল্পী নাজির হোসেনের ‘পটের গান, বাংলার বাঘ’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী।মঙ্গলবার সন্ধ্যায় সাত দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন শিল্পী শেখর সাহা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী ও শিল্পী নাজির হোসেন। প্রদর্শনীতে প্রদর্শিত শিল্পকর্মের সংখ্যা ৬২। প্রদর্শনী চলবে ১৫ জুলাই পর্যন্ত। শিল্পী নাজির হোসেন ১৯৮২ সালে দিনাজপুরের পার্বতীপুরে জন্মগ্রহণ করেন। এ পর্যন্ত তাঁর ১৯টি একক প্রদর্শনী হয়েছে।সমকালীন প্রত্নচিহ্নমানুষের মুখের বিচিত্র অভিব্যক্তি-সংবলিত মাটির তৈরি ২৫টির মতো ত্রিমাত্রিক প্রতিকৃতি প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। আরও আছে ঘর, বারান্দা ও প্রাঙ্গণের শোভাবর্ধক নানা সামগ্রী। আছে শৈল্পিকভাবে তৈরি করা কলমদানি, মোমদানি, চায়ের পেয়ালা ও পাত্রের মতো নিত্যব্যবহার্য গৃহস্থালি জিনিসপত্রও।এই মৃৎশিল্প প্রদর্শনীর শিরোনাম ‘সমকালীন প্রত্নচিহ্ন’। শিল্পী অসীম হালদার। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন শিল্পী মাহবুবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মো. মতলুব আলী। সভাপতিত্ব করেন মৃৎশিল্প বিভাগের চেয়ারম্যান শিল্পী রবিউল ইসলাম।প্রদর্শনীর শিল্পকর্মগুলো নির্মাণে ব্যবহূত হয়েছে রাকু পদ্ধতি। ‘রাকু’ জাপানের একটি ঐতিহ্যবাহী সিরামিক গ্লেজ পদ্ধতি। অল্প কিছুদিন ধরে প্রাচ্য এবং পাশ্চাত্যে শিল্পীরা তৈজসপত্রের পাশাপাশি শিল্পকর্মেও এ পদ্ধতি ব্যবহার করছেন।আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীনর্থ সাউথ ইউনির্ভাসিটি ফটোগ্রাফি ক্লাব সপ্তমবারের মতো আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ৮ জুলাই বিকেলে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হবে এ প্রদর্শনী। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রদর্শনী ১৪ জুলাই পর্যন্ত দৃক গ্যালারিতে এবং ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত জাতীয় চিত্রশালায় চলবে।