পড়শির 'ফেসবুক' রহস্য!

সংগীতশিল্পী পড়শির অনেকগুলো নাম। পড়শি খাতুন, পড়শি বেগমসহ অসংখ্য নাম আছে তাঁর। তবে এগুলো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ‘ভুয়া আইডি’র নাম। শুধু ‘সাবরিনা পড়শি’ নামেই একটি আইডি পরিচালনা করেন পড়শি। আইডি কিংবা নাম নয়, পড়শির বড় খবর হলো, তাঁর ফেসবুক পেজে এখন লাইকের সংখ্যা প্রায় ৩৬ লাখ! এত লাইকের পেছনের রহস্য জানতেই পড়শির উত্তরায় বাসায় হাজির হয়েছি ১০ এপ্রিল।
পড়শি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। জানালেন, পরের পরীক্ষা রোববার। পরীক্ষার ফাঁকে অনুষ্ঠানেও গান করছেন। কারণ, এসব অনুষ্ঠানের আয়োজকদের সঙ্গে অনেক আগে থেকেই আলোচনা চূড়ান্ত হয়ে আছে। বাদ দেওয়ার উপায় নেই। আবার প্লে-ব্যাকও আছে। গান, পড়াশোনা আর পরীক্ষা একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন তিনি।
প্রশ্ন শুনে পড়শির মুখেও রহস্যময় হাসি। সামনে টেনে আনলেন তাঁর বড় ভাই সিয়াত এহসানকে। বললেন, ‘আমার ফেসবুকসহ যাবতীয় ডিজিটাল প্রচারণার কাজ করেন আমার বড় ভাই। সব উত্তর তাঁর কাছেই পাবেন।’
পড়শির ফেসবুকের রহস্য নিয়ে মুখোমুখি হলেন সিয়াত। বললেন, ‘আসলে রহস্যের তেমন কিছু নেই। আমি সব সময় ফেসবুকে পড়শির অনুষ্ঠান, অ্যালবাম আর মিউজিক ভিডিওর তথ্য দিই। চেষ্টা করি নিয়মিত পোস্ট দিতে। আর পরবর্তী তিন দিন পড়শির কোথায় কোথায় অনুষ্ঠান আছে, সব খবরই তার পেজে দেওয়া থাকে। এসব কারণেই সম্ভবত তার ভক্তরা ফেসবুকের সঙ্গে যুক্ত থাকতে চায়। লাইক বাড়ার রহস্য এটাও হতে পারে।’
সিয়াতের কথার সঙ্গে মিল পাওয়া গেল পড়শির ফেসবুক পেজে। এইচএসসি পরীক্ষার জন্য দোয়া চাওয়া, দোয়া দেওয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠান করার খবর আছে ফেসবুকে। আছে নতুন মিউজিক ভিডিওর পোস্টার আর গানের লিংকও।
অবশ্য পড়শির কথায় অন্য সুর, ‘সম্ভবত সবার মনের মতো করে গাইতে পারি, এ জন্যই সবার ভালোবাসা পাচ্ছি।’
হাসলেন পড়শি। তারপর বললেন, ‘ফেসবুক থাকাতে কিন্তু ভালোই হয়েছে। ভক্তদের সঙ্গে সব সময় সরাসরি যোগাযোগ রাখা যায়। সবাই আমার সম্পর্কে সঠিক তথ্য পাচ্ছেন। নতুন কোনো খবর একসঙ্গে সবাইকে জানানো যায়।’
তবে এটাও স্বীকার করলেন, ‘ফেসবুক কাউকে তারকা করতে পারে না। আর হলেও সেটা ক্ষণস্থায়ী। ভালো কাজ না করলে কেউ আমাকে মনে রাখবে না।’
সিয়াত বললেন, ‘পড়শির ফেসবুকে গড়ে প্রতিদিন কমপক্ষে চার হাজার লাইক পড়ে। পোস্ট কিংবা ছবির শেয়ারও হয় অনেক।’
জানিয়ে রাখলেন শুরুর কয়েকটি তথ্য। চ্যানেল আই আয়োজিত ‘খুদে গানরাজ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পরদিনই ফেসবুকে পড়শির নামে পেজ খোলেন সিয়াত। সেটি ২০০৯ সালের ১৫ মের ঘটনা। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে লাইক। আর ফেসবুক পেজটি ভেরিফায়েড হয় ২০১৩ সালের শেষ দিকে। তারপর ভক্তদের সঙ্গে পড়শির সরাসরি যোগাযোগ আরও বেড়ে যায়। এবার ফেসবুকের মাধ্যমে তাঁর গান মুক্তি দেওয়া হবে। এখন সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন সিয়াত ও পড়শি।
পড়শি জানান, শুধু ফেসবুক দিয়ে নয়, সবার পছন্দের শিল্পী হতে চান তিনি। ভালো ভালো গান উপহার দিতে চান শ্রোতাদের। তাই গানের চর্চা করছেন নিয়মিত।