পণ্ডিত যশরাজের সুরে মুগ্ধ সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে শোভা পাচ্ছে শিল্পীর প্রতিকৃতি-সংবলিত ব্যানার আর নানা রঙের ফুলের মালা। চত্বরে সংগীতানুরাগীদের ভিড়। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে মিলনায়তনের দরজা খুলে দিলে মুহূর্তের মধ্যে সব আসন পূর্ণ হয়ে যায়। মাইক্রোফোনে অনুরোধ করা হয়, আর যেন কেউ মিলনায়তনে প্রবেশের চেষ্টা না করেন। পরে বাইরে বড় পর্দায় দেখার ব্যবস্থা করা হয়। গতকাল শুক্রবার শেষ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যশালায় ‘হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক বাই পণ্ডিত যশরাজ’ শীর্ষক উচ্চাঙ্গ সংগীতের অনুষ্ঠানের পরিবেশটা ছিল এমনি। ভারতীয় দূতাবাসের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কয়েক দশক ধরে পদ্ম বিভূষণ পণ্ডিত যশরাজ হিন্দুস্তানি উচ্চাঙ্গ সংগীতের এক অসাধারণ প্রতিভা হিসেবে বিরাজ করছেন। ঐতিহ্যবাহী এক সংগীত পরিবারে তাঁর জন্ম। এ পরিবার চার প্রজন্ম ধরে সংগীতের সঙ্গে যুক্ত। বাবা পণ্ডিত মতিরামের কাছে তিন বছর বয়সে তাঁর সংগীতে হাতেখড়ি। এরপর অগ্রজ ও সংগীতগুরু পণ্ডিত মনিরাম এবং আধ্যাতিক গুরু মহারাজা জয়ওয়ান্ত সিংয়ের অধীনে সংগী তে দীক্ষা গ্রহণ করেন। উদ্বোধনী পর্ব শেষে শিল্পী মঞ্চে এলে শ্রোতারা করতালির মাধ্যমে তাঁকে অভিবাদন জানান। অভিবাদনের জবাবে শিল্পী বলেন, ‘বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। মানুষ এখনো আমাকে এত ভালোবাসে, এ কথা ভেবে মাঝেমধ্যে আমি বিচলিত বোধ করি।’ এরপর তিনি রাগ বেহাগে ‘ক্যায়সে সুখা সো’ গেয়ে গানের পালা শুরু করলে পুরো মিলনায়তনে নেমে আসে পিনপতন নীরবতা। শ্রোতাদের মুখের অভিব্যক্তিতে লক্ষ করা যায় অন্যরকম তৃপ্তির ছাপ। তিনি প্রায় দুই ঘণ্টা সংগীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করে রাখেন। অনুষ্ঠানে শিল্পীকে কণ্ঠে সহযোগিতা করেন তৃপ্তি মুখার্জি ও মেরিনা আলম। তবলায় রামকুমার মিশ্র এবং হারমোনিয়ামে সংগত করেন মুকুন্দ পেটকার।