পণ্ডিত শঙ্কর ঘোষের প্রতি শ্রদ্ধা

তবলা পণ্ডিত শঙ্কর ঘোষ মৃত্যুবরণ করেছেন। গত শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮০ বছর। ফারুখাবাদ ঘরানার অনুসারী শঙ্কর ঘোষ ছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় তবলাবাদক।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগে ৪০ দিন কোমায় ছিলেন তিনি।
শাস্ত্রীয় সংগীতের সর্বকালের ইতিহাসে তিনি এক কিংবদন্তি তবলাবাদক। পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের প্রিয় এ শিষ্য প্রায় পাঁচ দশক ধরে তবলা শুনিয়ে দর্শকহৃদয় জয় করেছিলেন।
জ্ঞানপ্রকাশ ঘোষ ছাড়াও তিনি বিভিন্ন ঘরানার পণ্ডিত ও ওস্তাদদের কাছে তবলার তালিম নিয়েছিলেন। এঁদের মধ্যে আছেন ওস্তাদ ফিরোজ খান, পণ্ডিত অনাথ নাথ বোস, পণ্ডিত সুদর্শন অধিকারী। বিভিন্ন ঘরানার গুরুদের কাছ থেকে শিক্ষা নেওয়ার কারণে তিনি একটি অনন্য শৈলী তৈরি করতে পেরেছিলেন।
ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ বিলায়েত খাঁ, পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীদের সঙ্গে দেশে-বিদেশে সঙ্গত করেছিলেন পণ্ডিত শঙ্কর ঘোষ।
গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের মতোই তবলার বিভিন্ন কম্পোজিশন তৈরি করেছেন এ পণ্ডিত। তাঁর করা কম্পোজিশন বিভিন্ন সময়ে বাজিয়েছেন ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত স্বপন চৌধুরী, পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পণ্ডিত কুমার বোসের মতো শিল্পীরা। তাঁরা সবাই স্বীকার করেছেন তবলায় শঙ্কর ঘোষের অবদান।
শিল্পে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০০ সালে ‘সংগীত নাটক অ্যাকাডেমি’ পুরস্কার পান এই শিল্পী ও গবেষক।
তাঁর ছেলে পণ্ডিত বিক্রম ঘোষও বিখ্যাত তবলাশিল্পী। পুত্রের তবলা-শৈলীর ওপর পিতার যথেষ্ট প্রভাব রয়েছে। মৃত্যুর পর বিক্রম ঘোষ টুইটারে বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘তাঁকে হারিয়ে ফেললাম... তবলার সম্রাট... আমার প্রিয় বাবা...।’
সূত্র: এনডিটিভি, শঙ্কর ঘোষ অ্যাকাডেমি অব তবলার ওয়েবসাইট, টুইটার