পতৌদির মৃত্যুতে বলিউডে শোকের ছায়া
হরিয়ানার গুরগাঁও জেলার পতৌদি প্রাসাদ! লোকে লোকারণ্য। সবার চোখেমুখে শোকের ছায়া। ক্রিকেট তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে চলচ্চিত্র জগতের অনেকেই মানুষটিকে শেষবারের মতো একনজর দেখতে এসেছিলেন। সফেদ জামা গায়ে, স্কার্ফ মাথায় সাইফ আলী খান কাঁধ থেকে বাবার মৃতদেহ নামালেন। অদূরে প্রাসাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন শর্মিলা ঠাকুর, দুই মেয়ে সোহা ও সাবা আলী খান। মুখগুলো শান্ত, ধীরস্থির; কিন্তু শোকে মুহ্যমান। শোকে একাত্মতা জানাতে এসেছিলেন সাইফের বান্ধবী কারিনা কাপুর, বোন কারিশমা এবং মা ববিতাও।ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদির বর্ণাঢ্য জীবনের ইতি ঘটল। শুক্রবার বিকেলে সেই ‘টাইগার’কে চিরনিদ্রায় শায়িত করা হলো ভুপালের শেষ নবাবখ্যাত বাবা ইফতিখার আলী খান পতৌদির কবরের পাশে। মনসুর পতৌদির মৃত্যুতে শোক প্রকাশ করতে ও জানাজায় অংশ নিতে শুক্রবার পতৌদি প্রাসাদের কাছে ১৫ হাজার লোকের সমাগম হয়। মনসুর পতৌদির মৃত্যুতে বলিউডেও শোকের ছায়া নেমে আসে। টুইটার বার্তায় অমিতাভ বচ্চন লিখেছেন, ‘টাইগার পতৌদি আমাদের ছেড়ে চলে গেলেন! দুঃখ পেলাম।’ এ ছাড়া শাহরুখ খান, শেখর কাপুর, বোমান ইরানি, আরবাজ খান, শ্রেয়া ঘোষাল, নেহা ধুপিয়া, রীতেশ দেশমুখ, দিয়া মির্জাসহ আরও অনেক তারকা টুইটারে শোক প্রকাশ করেছেন।মনসুর আলী দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাইফ আলী খান বলেন, ‘আজ আমাদের ঘরে শোকের ছায়া। সবাই শোকে বিহ্বল। যাঁরা আজ সমবেদনা জানাতে এসেছেন, তাঁদের সবার প্রতি আমি ও আমার পরিবার কৃতজ্ঞ।’ দ্য টেলিগ্রাফ ও টিএনএন অবলম্বনে।