পথনাটকে স্বাধীনতার চেতনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার করো, যুদ্ধাপরাধীদের বিচার করো...মঞ্চে নাট্যকর্মীদের এই কণ্ঠের সঙ্গে নাটক দেখতে আসা মঞ্চের সামনের শত শত দর্শকের কণ্ঠ এক হয়ে গেল। পুরো শহীদ মিনার যেন মুক্তিযুদ্ধের চেতনায় প্লাবিত হলো...উৎসবের প্রথম দিন ১ মার্চ শহীদ মিনারের পাদদেশে আরণ্যক নাট্যদলের খেঁকশিয়াল কিংবা নাট্যদ্বীপের রাজাকারের কেচ্ছা নাটকে মুক্তিযুদ্ধের চেতনা আর আলবদর, রাজাকার, যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা এভাবেই উঠে এল। উৎসবের দ্বিতীয় দিন শহীদ মিনারে নাট্যরথের জ্বলো চিতাবাঘ নাটকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলেন দর্শক অমিতাভ নাথ। নাটকটির দিকে গভীর মনোযোগ তাঁর। তাঁর কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা উঠে আসে। ‘এই শহীদ মিনারে দাঁড়িয়ে প্রতিবছরই নাটক দেখি। মার্চের এই পথনাটক উৎসবে মুক্তিযুদ্ধের নাটকগুলো বেশি হয়। আর এ কারণেই দেখি। কোনো কোনো নাটকে মুক্তিযোদ্ধারা রাজাকারদের কঠিন বিচার করে। তখন আমার মতো শত শত দর্শক চিৎকার দিয়ে ওঠে। ভালো লাগে।’ বললেন অমিতাভ। তিনি বলেন, ‘আমরা যদি স্বাধীনতাবিরোধীদের বিচারই করতে চাই, মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিতে চাই, তাহলে বছরের অন্তত ছয়টি মাস এক সপ্তাহ করে এ ধরনের নাটক করতে পারি। তাহলে নতুন প্রজন্ম, যারা এখনো মুক্তিযুদ্ধের চেতনায় উদু্বদ্ধ হতে পারেনি, তাদের এগিয়ে আনতে সহজ হবে।’প্রতিবছরই বাংলাদেশ পথনাটক পরিষদ মার্চের প্রথম সপ্তাহে পথনাট্য উৎসবের আয়োজন করে। এবার একদিকে চলছে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা, অন্যদিকে এই আয়োজন—ফলে আয়োজকেরা দর্শক উপস্থিতি নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করলেও উৎসবের প্রথম থেকেই শত শত দর্শকের উপস্থিতিতে সেই সংশয় কেটে যায়। বিকেল থেকে নাটক প্রদর্শনী শুরু হলেও শেষ হতে হতে রাত হয়ে যায়। প্রতিদিন ছয়টি করে নাটক মঞ্চস্থ হয়েছে। উৎসব নিয়ে উৎসব উদ্যাপন পরিষদের সমন্বয়কারী সেলিম শামসুল হুদা চৌধুরী বলেন, ‘প্রতিবছর উৎসবে ঢাকার দলই বেশি অংশ নেয়। এবার ঢাকার বাইরে থেকে প্রায় ২০টি নাটকের দল অংশ নিয়েছে। একাধিক নতুন নাটকও উৎসবে মঞ্চস্থ হয়েছে। অন্যদিকে বিশ্বকাপ জোয়ারের মধ্যেও প্রতিদিনই উৎসবে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।’ তিনি আরও বলেন, ‘এ উৎসবের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া। আর উৎসবের আয়োজনটাও সময়োপযোগী। কেননা এই সময়টিতে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কাজ চলছে।’‘আমরা মুক্তিযুদ্ধের পতাকা হাতে চলেছি মোরা গণতন্ত্রের পথে’ স্ল্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ১ মার্চ থেকে এই উৎসব শুরু হয়ে চলে ৭ মার্চ পর্যন্ত। এবারের শিরোনাম ছিল স্বাধীনতার ৪০ বছর: বাংলাদেশ পথনাটক উৎসব ২০১১। পথনাটক পরিষদের আয়োজনে এই উৎসবে সহযোগিতা করেছে ইংরেজি পত্রিকা ডেইলি স্টার। উৎসবে সারা দেশ থেকে ৪৬টি পথনাটক অংশ নেয়। উৎসবটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মাহফুজ আনাম। আলোচনায় অংশ নেন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ ও লিয়াকত আলী লাকী।