পথনাটকের পথ বেয়ে

সেদিন নাটক হচ্ছে শহীদ মিনারে। নাটকের নাম আগুনের ডালপালা। মঞ্চে সংলাপ তখন বলছেন পাগলা কাজী। মানসিক ভারসাম্যহীন ব্যক্তির চরিত্রে তাঁর অভিনয়। হঠাৎ মঞ্চের কাছে আবির্ভাব ঘটল মানসিক ভারসাম্যহীন এক নারীর। জরাজীর্ণ তাঁর পোশাক-আশাক। হাতে একটি গাছের ডাল নিয়ে ছুটছেন এদিক-ওদিক। হঠাৎ চিৎকার করে পাগলা কাজীর সংলাপগুলো তিনি নিজেই বলতে শুরু করলেন।
‘কী দোষ করছিল সালেহা। সালেহারে ধইরা আনলি ক্যান? ওই সোবহাইন্যা জবাব দে... সব ভাইঙ্গা-চুইরা ফালামু...।’
নাটকের সংলাপ নিয়ে এ রকম একটি কাণ্ড সত্যিই অবাক করার মতো। পুরোটা সময় ধরে ছিল নারীটির সরব উপস্থিতি। যখন যে দলের নাটক হচ্ছে, তখন সেই দলের নাটকের সংলাপ আওড়াতে থাকেন তিনি।
৩ মার্চ সন্ধ্যার দৃশ্য এটি। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সপ্তাহব্যাপী পথনাটকের উৎসব। আয়োজন করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ। আর সেখানেই নাটকটির প্রদর্শনী করেছে আরণ্যক নাট্যদল। নাটকটি লিখেছেন মামুনুর রশীদ। নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল। মঞ্চস্থ হয়েছে ছয়টি নাটক।
এদিকে দর্শকসারিতে দাঁড়িয়ে নাটক দেখছেন তৌফিকুল ইসলাম। ইমন নামেই তাঁকে চেনেন নাট্যপাড়ার মানুষ। যেন নাটকের মধ্যে ডুবে গেছেন প্রাচ্যনাটের এই নাট্যকর্মী। মঞ্চে তখন প্রদর্শনী চলছে মনোজ মিত্রের মহাবিদ্যা নাটকটির।
রাজ্যের অধিপতি নিজেকে সাজিয়ে নিল এক নারীর ছদ্মবেশে। নাম তার কাদম্বিনী। শরীরে গয়নার সাজ। নারীবেশে ভিন্ন কৌশলে ছিনতাই করে অর্থ উপার্জনের জন্যই তার এই ছদ্মবেশ। দেখা গেল কাদম্বিনী নিজেই পড়ে গেল অন্য ছিনতাইকারীদের কবলে। যারা তাকে ছিনতাই করল, তারা সবাই রাজ্যের মন্ত্রী, কোতোয়াল ও শান্ত্রী। সবাই যেন গোলেমালে নেমে গেল দুর্নীতির মহড়ায়! এই নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
জানা গেল নাটকটির নির্দেশনা দিয়েছেন ইমন।
‘মনোজ মিত্রের নাটক মানেই তো একটা রসবোধের ব্যাপার। নতুন শিল্পীর চরিত্র নির্মাণের এক দুর্দান্ত সুযোগ। এই নাটকে যাঁরা কাজ করেছেন, তাঁরা সবাই প্রাচ্যনাটের নবীন শিল্পী।’ বললেন তৌফিকুল ইসলাম।
৭ মার্চ সন্ধ্যা। সেদিন নাট্যোৎসবের সমাপনী দিন। পথনাটক পরিষদের কর্তাব্যক্তিদের তাই সরব উপস্থিতি।
১২ বছর ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন হয়ে আসছে এই উৎসবটি। ‘এটি একটি অভূতপূর্ব ঘটনা। সারা দেশের নাট্যকর্মীরা এখানে একত্র হচ্ছেন নিজেদের নাটক নিয়ে। একে অন্যের নাটকগুলো দেখার সুযোগ পাচ্ছেন। পরস্পরের সঙ্গে নাট্যভাবনার বিনিময় হচ্ছে। এটি একটি বড় ব্যাপার বলে আমি মনে করি।’ বললেন বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা।
এদিকে কথায় কথায় মঞ্চস্থ হয়ে গেল পর পর সাতটি নাটক। রাত তখন ১০টা পেরিয়ে। নিভে গেল উৎসবের আলো। কিন্তু কতটা সফল হলো এই উৎসব?
জবাবে এবার কথা বললেন বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। ‘আমরা প্রতিবছরই এই উৎসবের আয়োজন করে আসছি। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা শহীদ মিনারকেন্দ্রিক কিছু দর্শক তৈরি করতে পেরেছি। এখন কতটা কী হলে উৎসবটিকে সফল বলা যাবে, তা নিরূপণ করা খুব দুরূহ একটি ব্যাপার। তবে আপাতদৃষ্টিতে উৎসবটিকে আমরা সফল বলে মনে করছি। প্রতিদিন অসংখ্য দর্শক নাটক দেখেছেন। নাটক দেখে তাঁরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে গেছেন। সবচেয়ে আনন্দের বিষয় হলো, এই দর্শকেরা সব সময় এখানে নাটক দেখতে আসেন। এটা আমাদের যেকোনো সামাজিক আন্দোলনের জন্য খুব ইতিবাচক একটি ব্যাপার।’