বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত আট দিনব্যাপী পথনাট্যোৎসবের কাল ছিল চতুর্থ দিন। কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে এ উৎসব। এদিন চারটি পথনাটকের প্রদর্শনী হয়।
বিকেল থেকে শুরু হয় উৎসবের কার্যক্রম। প্রথমেই পরিবেশিত হয় রাজশাহীর অনুশীলন নাট্যদলের নাটক এক টুকরো একাত্তর। এতে উঠে এসেছে মুক্তিযুদ্ধের এক খণ্ডিত চিত্র, যেখানে খাওয়ার লোভ সামলাতে পারেনি একাত্তরের পরাজিতদের দোসর রাজাকারেরা। গ্রামের মানুষের গরু-ছাগল, হাঁস-মুরগি জোর করে খেতে খেতে কোনো এক সময়ে মুক্তিযোদ্ধাদের হাতে মৃত্যু হয় তাদের। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন এস এম আবু বকর। এরপর ঢাকার নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল মঞ্চস্থ করে নাটক স্বাধীনতা ফিরে এসো। আবদুল্লাহ আল মামুনের (জুনিয়র) লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সাঈদ রহমান। বাংলা নাট্যদল পরিবেশিত মুক্তির ছিন্ন দলিল শিরোনামের প্রযোজনাটির রচনা করেছেন নাসির আহমেদ এবং নির্দেশনা দিয়েছের হ ম সহিদুজ্জামান। মঞ্চস্থ হয় নাট্যনন্দনের দর্শকনন্দিত নাটক অন্য যুদ্ধ।
নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন আহসান হাবীব স্মরণ। উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত।