পথশিশুদের সঙ্গে মনিক কোলম্যান
বাংলাদেশের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের সঙ্গে নাচলেন, গাইলেন জাতিসংঘের ‘ইয়ুথ চ্যাম্পিয়ন’ খেতাব পাওয়া মনিক কোলম্যান। গত সপ্তাহে ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ও ডিজনির ড্যান্সিং উইথ দ্য স্টারস ছবির এই অভিনেত্রী।জানা গেছে, জাতিসংঘের ‘ইয়ার অব ইয়ুথ’ উপলক্ষে বাংলাদেশ ঘুরে গেলেন মনিক কোলম্যান। তিনি এ সময় বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ব্যাপারে জানার চেষ্টা করেন। সফরের অংশ হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, স্কলাস্টিকা, গ্রিন হেরাল্ড ও স্ট্রিট ওয়াইজের স্কুল পরিদর্শন করেন। স্ট্রিট ওয়াইজের নির্বাহী পরিচালক অনিতা অপর্ণা জানান, মনিক কোলম্যান তাঁর তিন দিনের এই সফরে ২১ মার্চ স্ট্রিট ওয়াইজের সুবিধাবঞ্চিত ও পথশিশুদের সঙ্গে সময় কাটান এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কথার ফাঁকে তিনি স্ট্রিট ওয়াইজের শিশুদের সঙ্গে নাচেন।অনিতা অপর্ণা আরও বলেন, ‘মনিক কোলম্যান শিশুদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, “স্বপ্ন ধরে রাখতে হবে। স্বপ্ন পূরণের জন্য পড়াশোনা আর কঠিন পরিশ্রম করতে হবে।” এ সময় মনিক তাঁর নিজের জীবনের কঠিন দিনগুলোর কথা শোনান শিশুদের।’মনিক কোলম্যানের জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে আছে হাইস্কুল মিউজিক্যাল ও দ্য সুইট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি।