পদক পেলেন পীযূষ ও ঝুনা চৌধুরী
আনন্দ প্রতিবেদকঢাকা পদাতিকের আবুল কাসেম দুলাল স্মৃতি পদক ও কাজী জাকির হোসেন স্মৃতি পদক পেলেন সংগঠক ও অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় ও ঝুনা চৌধুরী। ঢাকা পদাতিক আয়োজিত আন্তর্জাতিক নাট্যোত্সবের শেষ দিন ২৫ মার্চ শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে এই পদক দেওয়া হয়। দুটি পদকই প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আবুল কাসেম দুলাল স্মৃতি পদক পান পীযূষ বন্দ্যোপাধ্যায় ও কাজী জাকির হোসেন স্মৃতি পদক পেলেন ঝুনা চৌধুরী। উত্সবের শেষ দিন নাটক মঞ্চায়নের আগে সন্ধ্যায় দলের প্রধান গোলাম কুদ্দুছের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ। আলোচনায় অংশ নেন হাসান আরিফ, মিজানুর রহমান ও নাদের চৌধুরী।পদকের সঙ্গে ১০ হাজার করে টাকাও সম্মাননাস্বরূপ দেওয়া হয়। মঞ্চে দাঁড়িয়ে পদক পাওয়ার অনুভূতির কথায় পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জীবনে প্রথম এ ধরনের পদক পেয়ে সম্মানিত বোধ করছি। খুবই ভালো লাগছে। তবে একই সঙ্গে আজ দুঃখে ভরা ক্লান্ত এ হূদয়। আমার খুবই প্রিয় একজন মানুষ ছিলেন আবুল কাসেম দুলাল। তিনি আজ আমাদের মাঝে নেই। অথচ তাঁর নামে প্রবর্তিত পদক আজ আমি পেলাম।’ ঝুনা চৌধুরীও এবারই প্রথম পদক পেলেন। পদক পাওয়ার অনুভূতিতে তিনি বলেন, ‘জীবনে প্রথম পদক পেলাম। এর আনন্দ অনেক বেশি। সবচেয়ে বড় কথা, ঢাকা পদাতিকের মতো শক্তিশালী একটি দলের প্রবর্তিত এবং অধ্যাপক সিরাজুল ইসলামের হাত থেকে এ ধরনের পদক নেওয়া গর্বের ব্যাপার। অভিনেতা ও সংগঠক হিসেবে যে স্বীকৃতি পেলাম, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজের প্রেরণা হয়ে থাকবে।’