পদক পেলেন সাত গুণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা পদক প্রদান অনুষ্ঠানে অতিথি ও পদকপ্রাপ্তদের সঙ্গে রাষ্ট্রপতি ।  পিআইডি
শিল্পকলা পদক প্রদান অনুষ্ঠানে অতিথি ও পদকপ্রাপ্তদের সঙ্গে রাষ্ট্রপতি । পিআইডি

দেশের প্রতিটি সংগ্রাম, আন্দোলন ও অর্জনে শিল্পী ও সংস্কৃতিকর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের অবদানকে সম্মান জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এ বছর থেকে প্রবর্তন করেছে ‘শিল্পকলা পদক’। গতকাল প্রথমবারের মতো এই পদক বিতরণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গতকাল বিকেলে একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু। সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য সাতজন গুণী শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে প্রদান করা হয় শিল্পকলা পদক। পদকপ্রাপ্ত শিল্পীরা হলেন নৃত্যকলায় আমানুল হক, যন্ত্রসংগীতে ওস্তাদ মতিউল হক খান, লোকসংস্কৃতিতে সাইদুর রহমান বয়াতি, চারুকলায় সমরজিৎ রায়চৌধুরী, কণ্ঠসংগীতে ফাহমিদা খাতুন, চলচ্চিত্রে মানজারে হাসীন মুরাদ এবং নাট্যকলায় সদ্যপ্রয়াত খালেদ খান। নীতিমালা অনুযায়ী শিল্পকলা পদক মরণোত্তর দেওয়ার রীতি নেই। আগের সিদ্ধান্ত অনুযায়ী খালেদ খানকে এ পদক দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি পদকপ্রাপ্তদের প্রত্যেকের হাতে এক লাখ টাকার অর্থমূল্য, সনদপত্র ও উত্তরীয় তুলে দেন। খালেদ খানের পক্ষে পদক গ্রহণ করেন তাঁর স্ত্রী রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের গ্রামবাংলার অসংখ্য প্রতিভা কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই আপন ভুবন সৃজন করে চলেছেন। কিন্তু মূল্যায়নের অভাবে অনেক প্রতিভা কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। আমরা জানি, কোনো প্রতিভার মূল্যায়ন না হলে একদিকে যেমন তা বিকশিত হয় না, তেমনি অন্য প্রতিভার আগমনের পথও হয় সংকুচিত। আর সেই সুযোগে অপসংস্কৃতি দেশে মাথাচাড়া দিয়ে ওঠে।’
আবদুল হামিদ বলেন, বাংলাদেশ শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য যেসব শিল্পী পদক পেয়েছেন, তাঁরা শিল্পকলার ক্ষেত্রে অনন্য। পদকপ্রাপ্ত গুণীদের পক্ষে বক্তব্য দেন ফাহমিদা খাতুন। তিনি বলেন, ‘এই পদক আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’