পদযাত্রায় শান্তির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধকালে একটি দুঃসাহসী পদযাত্রার পরিকল্পনা করেছিল মহাত্মা গান্ধীর অহিংসবাদের আদর্শে উদ্বুদ্ধ শান্তি সেনাদল। মুক্তিযুদ্ধে বাংলাদেশের সপক্ষে জনমত গড়ে তোলা এবং শান্তিপূর্ণভাবে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ভারতের বহরমপুর থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রার জন্য গঠিত হয়েছিল পদাতিক স্বেচ্ছাকর্মী দল। ‘বিশ্ববিবেক জাগরণ পদযাত্রা ১৯৭১’ নামে তাদের যাত্রা শুরু হয়েছিল একাত্তরের ১৫ অক্টোবর। গতকাল শুক্রবার ছিল সেই পদযাত্রার ৩৯তম বার্ষিকী। এ উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করে ‘বিশ্ববিবেক জাগরণ পদযাত্রা ১৯৭১’-এর সহযাত্রীদের নিয়ে মিলন উৎসব। একাত্তরের সেই পদযাত্রায় অংশ নেওয়া ৩৮ জন শান্তিবাদী জাদুঘরের খোলা প্রাঙ্গণে বসেছিলেন স্মৃতির ঝাঁপি খুলে। কালের আবর্তনে বিচ্ছিন্ন হয়ে পড়া সেই মানুষগুলো আবার বহু দিন পর একত্র হয়ে যেন ফিরে গিয়েছিলেন অতীতে। তাঁদের মধ্যে অনেকেরই একাত্তরের পর এবারই প্রথম দেখা হলো গতকাল। তাই স্মৃতিচারণার সঙ্গে পারস্পরিক কুশলাদি বিনিময় আর খোশগল্পে মেতেছিলেন তাঁরা। আক্ষরিক অর্থেই অনুষ্ঠানটি পরিণত হয়েছিল মিলন উৎসবে। উৎসবের শুরুতে এ টি এম জাহাঙ্গীর গাইলেন সূচনা সংগীত ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’। স্বাগত বক্তৃতা দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব মফিদুল হক। পদযাত্রী দল ’৭১- এর সদস্যদের পরিচয় করিয়ে দেন জাদুঘরকর্মী রণজিত কুমার ও দলের সদস্য দিলীপ কুমার নাগ। এরপর ছিল পদযাত্রী দলের সদস্যদের স্মৃতিচারণা।স্মৃতিচারণার পর্ব শুরু করেছিলেন দলনেতা আবদুল খালেক। এরপর আবদুস সামাদ, রফুিকল ইসলাম ও কামরুল আনাম সেই সময়ের অভিজ্ঞতা শোনান। এরপর বিশ্ববিবেক জাগরণ পদযাত্রা ১৯৭১-এর সদস্যদের হাতে জাদুঘরের পক্ষ থেকে অভিনন্দনপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ও জাদুঘরের ট্রাস্টি আক্কু চৌধুরী।একাত্তরের প্রজন্মের পদযাত্রায় উদ্বুদ্ধ হয়ে বর্তমানের ১০ তরুণও পদযাত্রার উদ্যোগ নিয়েছেন। তাঁরা শান্তি ও মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে সহায়তার আহ্বান জানিয়ে হাঁটবেন ঢাকা থেকে সুনামগঞ্জ। আজ শনিবার থেকে এ পদযাত্রা শুরু হবে।