পদাতিক নাট্য সংসদের নাট্যোৎসব ও সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে ঢাকার মঞ্চে পথনাটকের উৎসব, প্রাচ্যনাটের উঠান নাটকের উৎসব, ঢাকা পদাতিকের আন্তর্জাতিক নাট্যোৎসবসহ একাধিক নাট্যোৎসব হয়ে গেল। সেই ধারাবাহিকতায় আরও একটি নাটকের উৎসব হতে যাচ্ছে। এবার আয়োজন করছে পদাতিক নাট্য সংসদ। উৎসবে ঢাকার প্রথম সারির একাধিক দলসহ ভারতের কলকাতা থেকেও একটি দল অংশ নিচ্ছে। শিক্ষাবিদ সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিন উপলক্ষে তাঁর নামে এ আয়োজনের শিরোনাম ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০১০’। ‘মঙ্গল চেতনায় সংস্কৃতি অভিযাত্রায় দীপ শিখা হয়ে এসো’ স্লোগানে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ৭ এপ্রিল এ উৎসব শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। শেষ দিন থাকছে স্মারক সম্মাননা প্রদান। উদ্বোধনী মঞ্চায়ন হবে পদাতিক নাট্য সংসদের মাউসট্র্যাপ নাটকটি। পরের দিন ৮ এপ্রিল মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের কাঁঠালবাগান নাটকটি। কলকাতার থিয়েটার ওয়ার্কশপ ৯ এপ্রিল পরিবেশন করবে যদিও গল্প। ১০ এপ্রিল লোকনাট্যদল সিদ্ধেশ্বরী মঞ্চস্থ করবে কঞ্জুস। উৎসবের শেষ দিন ১১ এপ্রিল আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করবে এবং বিদ্যাসাগর নাটকটি। এর আগে দুজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে স্মারক সম্মাননা দেওয়া হবে।উৎসব নিয়ে কথা হয় পদাতিক নাট্য সংসদের সাধারণ সম্পাদক সায়েম সামাদের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা এই মহান শিক্ষাবিদের জন্মদিন উপলক্ষে তাঁর নাম দিয়ে উৎসবের শিরোনাম করে প্রথম নাট্যোৎসব করতে যাচ্ছি। এবং এ ধরনের উৎসব ও স্মারক সম্মাননা প্রতিবছরই করতে চাই। এ ধরনের উৎসবের আয়োজন ও সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে তিনি এ দেশের জনগণের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন। এবার আমরা সময়স্বল্পতার কারণে ভারত থেকে একটা দল উৎসবে রেখেছি। ভবিষ্যতে আমরা এ উৎসবে সার্কভুক্ত দেশগুলো থেকে নাটকের দলকে আমন্ত্রণ জানাব।’