পদাতিকের নতুন নাটক ছোটদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ মঞ্চে আনছে নতুন নাটক। নাম সে। বিভিন্ন সময় রবীন্দ্রনাথের বলা সাতটি গল্প নিয়ে নাটকটির কাহিনি তৈরি হয়েছে। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন, রবীন্দ্রনাথ শিশুদের নানা ধরনের গল্প বলতেন। কবি তাঁর ৬৯ বছর বয়সে তেমনই কিছু গল্প নিয়ে একটি সংকলন বের করেন। সে নাটকের গল্প একেবারেই ছোটদের জন্য। তাতে বড়রাও আনন্দ পাবেন। ফ্যান্টাসির মধ্য দিয়ে ছোটদের সামনে তুলে ধরা হবে রবীন্দ্রনাথের সমসাময়িক নানা ভাবনা। নির্দেশনা প্রসঙ্গে তিনি বললেন, ‘নাটকটির ভাবনা একেবারেই অন্য রকম। কাজটা মোটেও সহজ নয়। নাটকটির শিল্পমান সেই পর্যায়ে না পৌঁছালে বাহবার বদলে সমালোচনা হবে—তাতে কোনো সন্দেহ নেই। আমরা চেষ্টা করছি, ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাথের গল্প দর্শকদের সামনে তুলে ধরতে।’ তিনি আরও জানালেন, নাটকের একটি উল্লেখযোগ্য বিষয় হলো, রবীন্দ্রনাথের নিজের আঁকা ছবিগুলো দর্শকদের সামনে তুলে ধরা হবে।’ ইতিমধ্যে নাটকটির মহড়া প্রায় শেষ। ২৯ সেপ্টেম্বর নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে।