পদাতিকের নতুন নাটক ‘জনমাংক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জসীমউদ্দীনের বেদের মেয়ের চার বছর পর পদাতিক নাট্য সংসদ (টিএসসি) নতুন আরেকটি নাটক মঞ্চে আনছে। নাম জনমাংক। আজ রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির কারিগরি প্রদর্শনী হবে। একই হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে ২৫ অক্টোবর। এটি লিখেছেন নাসরীন মুস্তাফা। নাটকটির গল্প প্রসঙ্গে নাট্যকার সূত্রে জানা গেছে, বর্তমান বিশ্বের পক্ষ-প্রতিপক্ষের তুমুল দ্বন্দ্ব-সংঘাত এবং দুর্বলের ওপর সবলের আক্রমণের চিত্র তুলে ধরা হয়েছে এ নাটকে। সমুদ্রবেষ্টিত এক জনপদে দুর্বল পক্ষকে মৃত্যুকূপে ঠেলে দিয়ে সবল পক্ষটি বেঁচে থাকে। কিন্তু এখানে নেই জীবনের ছন্দ। সবাই অনুভব করে নিঃসঙ্গতা। সময়ের আবর্তনে তাদের মধ্যে মানবতাবোধ জেগে ওঠে। একটি ভ্রূণ বাঁচিয়ে রাখার জন্য সবার মধ্যে ঐক্য তৈরি হয়।নাটকটির নির্দেশনা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মীর মেহবুব আলম। তিনি বলেন, ‘নাট্যকার অস্থির সময়কে ঘিরে মানবতার একটি বার্তা দিতে চেয়েছেন। আর আমি একেবারে নতুন কিছু করার চেষ্টা করেছি।’পদাতিকের সাধারণ সম্পাদক সায়েম সামাদ বলেন, ‘আমরা অনেক দিন পর সমসাময়িক বিষয় নিয়ে একটি মৌলিক নাটক মঞ্চে আনতে যাচ্ছি।’