নগরজুড়ে চলছে বৈশাখের প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্যাম্পাসে এখন নতুন বছরকে বরণ করে নেওয়ার শোভাযাত্রার প্রস্তুতির মহাযজ্ঞ। ছায়ানটসহ অন্য সাংস্কৃতিক সংগঠনগুলোও ব্যস্ত বর্ষবরণের আয়োজনে। এই সময়ে জানা গেল একটি নাট্য উৎসবের খবর। পদাতিক নাট্য সংসদ তাদের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের জন্মদিনকে উপলক্ষ করে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’র ঘোষণা দিয়েছে। ৭ এপ্রিল থেকে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে পাঁচ দিনব্যাপী এ উৎসব হবে।
পদাতিক নাট্য সংসদের প্রচার ও গণযোগাযোগ সম্পাদক শাখাওয়াত হোসেন জানান, এবারের উৎসবে দেশ ও দেশের বাইরের সাতটি নাটকের দল ১০টি নাটক মঞ্চস্থ করবে। আয়োজক দল ছাড়াও অংশ নেবে থিয়েটার বেইলি রোড, নাগরিক নাট্য সম্প্রদায়, আরণ্যক নাট্যদল ও বটতলা এবং ভারতের অনীক ও রঙ্গকর্মী। এ বছর নাটকে অবদান রাখার জন্য নাট্যকার, নির্দেশক অধ্যাপক মমতাজউদদীন আহমদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা-২০১৫’ দেওয়া হবে।
শিল্পকলা একাডেমীর মূল মিলনায়তনে ৭ এপ্রিল সন্ধ্যা ছয়টায় উৎসব শুরু হচ্ছে। জাতীয় নাট্যশালার পরীক্ষণ হলে সেদিন পদাতিক নাট্য সংসদ প্রায় তিন বছর পর মঞ্চস্থ করবে জনমাংক।