পদাতিকের নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালা লবিতে প্রদীপ জ্বেলে পদাতিকের না​েট্যাৎ​সব উদ্বোধন করছেন ​অতিথিরা l ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালা লবিতে প্রদীপ জ্বেলে পদাতিকের না​েট্যাৎ​সব উদ্বোধন করছেন ​অতিথিরা l ছবি: প্রথম আলো

বাইরে ঝুম বৃষ্টি। একটু পর পর আকাশও ডাকছে। এমনিতে রাজনৈতিক দলের কর্মসূচি ছিল দিনভর। জাতীয় নাট্যশালায় উৎসব নিয়ে প্রস্তুত আয়োজকেরা চিন্তায় পড়ে যান—মানুষ হবে তো? চিন্তার যথেষ্ট কারণ থাকলেও শেষ পর্যন্ত উৎসবেরও জয় হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় যখন পদাতিক নাট্য সংসদ আয়োজিত সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের প্রদীপ জ্বালানো হচ্ছিল, তখন শিল্পকলা একাডেমীর লবির পুরোটাই ভরে গিয়েছিল নাট্যপ্রেমীদের পদচারণে। একটু পর পর মুহুর্মুহু করতালি আর ঢোলের আওয়াজে যেন নেচে উঠছিল চারপাশ।
ভাষাসৈনিক, শিক্ষাবিদ, কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯২তম জন্মদিন ১১ এপ্রিল। তিনি ছিলেন নাটকের দল পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষ করে দলটি ২০১০ সাল থেকে প্রতিবছর সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হল ও পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে শুরু হলো পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব। ষষ্ঠবারের মতো আয়োজিত এ উৎসবের এবারের স্লোগান ‘মুক্ত করো মানবতা’।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, নাট্যজন মামুনুর রশীদ এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন নাট্যজন ইনামুল হক ও ভারতের নাট্যশিল্পী ঊষা গাঙ্গুলী। অতিথিরা প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসব উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন পদাতিক নাট্য সংসদের সম্মানিত সদস্য রফিকুল হক।
খুব সংক্ষিপ্ত ছিল আনুষ্ঠানিক উদ্বোধন। প্রদীপ জ্বালানোর পরে দর্শকেরা প্রবেশপত্র সংগ্রহ করে আলাদা দুটি মিলনায়তনে ঢুকে যান। শেষে নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল মঞ্চস্থ হয় থিয়েটার বেইলি রোডের নাটক কুহকজাল। মাসুম রেজার রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। অন্যদিকে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয় পদাতিক নাট্য সংসদের নাটক জনমাংক। নাসরিন মুস্তাফা রচিত প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন মীর মেহবুব আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকেরা জানান, এবারের উৎসবে দেশের ও দেশের বাইরের সাতটি নাটকের দল অংশগ্রহণ করে ১০টি নাটক মঞ্চস্থ করবে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল হলের খোলা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের অংশ হিসেবে রয়েছে স্মারক সম্মাননা। ষষ্ঠবারের এ উৎসবে সম্মাননা পাচ্ছেন নাট্যজন অধ্যাপক মমতাজউদদীন আহমদ ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ১১ এপ্রিল তাঁদের সম্মাননা প্রদান করা হবে।