
স্কটিশ সেনাপতি ম্যাকবেথ যুদ্ধ জয় করে ফিরে আসছিলেন নিজ গন্তব্যে। পথে এক রহস্যময় শক্তি তাঁর পথ আটকে ভবিষ্যদ্বাণী উচ্চারণ করে, একসময় ম্যাকবেথ হবে কডোর প্রধান। ওই ঘটনার পর ম্যাকবেথের চিঠি পেয়ে লেডি ম্যাকবেথ জানতে পারেন বিস্তারিত, জন্ম নেয় উচ্চাকাঙ্ক্ষা। রাজা ডানকানকে হত্যার জন্য তিনি ম্যাকবেথকে প্ররোচিত করেন। পরে রাজাকে হত্যা করে সিংহাসনে বসেন ম্যাকবেথ। ঘটনাকে আড়াল ও রাজা হত্যার দায় কৌশলে এড়াতে ম্যাকবেথ একে একে হত্যা করে ডানকানের দেহরক্ষীদ্বয়, ব্যাংকো ও ম্যাকডাফের স্ত্রী-সন্তানদের। কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষা বাঁচাতে পারে না ম্যাকবেথকে। এটি ম্যাকবেথ নাটকের মূল গল্প।
আগামীকাল বুধবার পদাতিক নাট্য সংসদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হলো দলটির আলোচিত প্রযোজনা ম্যাকবেথ। এটি ছিল নাটকটির ২৪তম মঞ্চায়ন। পদাতিক নাট্য সংসদের ৩৬তম এই প্রযোজনা। উইলিয়াম শেকসপিয়ার রচিত নাটকটি সৈয়দ শামসুল হকের অনুবাদ থেকে নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।
ম্যাকবেথ চরিত্রে শাখাওয়াত হোসেন ও লেডি ম্যাকবেথ চরিত্রে অভিনয় করেছেন শামছি আরা। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হামিদুর রহমান, জাবেদ পাটওয়ারী, জনি খাদেম, মশিউর রহমান প্রমুখ। ওয়াহিদা মল্লিক জলির পোশাক পরিকল্পনায় সংগীত পরিচালনা করেছেন শিশির রহমান। নির্দেশনার পাশাপাশি মঞ্চ পরিকল্পনা করেছেন সুদীপ চক্রবর্তী।