পদাতিকের সম্মাননা পাচ্ছেন আলী যাকের ও সৈয়দ শামসুল হক

আজ শুরু হচ্ছে পদাতিক নাট্য সংসদের ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’। এবার এই উৎসবে স্মারক সম্মাননা দেওয়া হবে আলী যাকের ও সৈয়দ শামসুল হককে। জানা গেছে, উৎসবের তৃতীয় দিন বিকেলে এই সম্মাননা দেওয়া হবে। উৎসবে অংশ নিচ্ছে পদাতিক নাট্য সংসদ, থিয়েটার (বেইলি রোড), মহাকাল নাট্যসম্প্রদায়, সময়, প্রাচ্যনাট, প্রাঙ্গণেমোর ও হবিগঞ্জের জীবনসংকেত এবং ভারতের অনীক। ১২ এপ্রিল পর্যন্ত এই উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হল ও পরীক্ষণ থিয়েটার হলে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে

জাতীয় নাট্যশালার মূল হলের সামনে উন্মুক্ত মঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাটক মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায়।
ভাষাসৈনিক ও পদাতিকের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯১তম জন্মদিন ১১ এপ্রিল। এ উপলক্ষে পদাতিক নাট্য সংসদ ২০১০ সাল থেকে প্রতিবছর ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা’ অনুষ্ঠান আয়োজন করছে।