পদ্মভূষণ শর্মিলা ঠাকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানামাত্রিক চরিত্রে অভিনয় করে অসংখ্য মানুষের হূদয় জয় করেছেন শর্মিলা ঠাকুর। সু-অভিনয়ের কল্যাণে বহু সম্মাননাও পেয়েছেন তিনি। ভারতের জনপ্রিয় এই অভিনয়শিল্পী এবার পৌঁছালেন ভিন্ন এক উচ্চতায়। গতকাল শুক্রবার রাতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে পদ্মভূষণ সম্মাননা নেন তিনি। শর্মিলা ঠাকুরের পাশাপাশি রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী সম্মাননা নেন আরেক জনপ্রিয় অভিনয়শিল্পী শ্রীদেবী।শর্মিলা ঠাকুর ও শ্রীদেবী ছাড়াও তামিল প্রযোজক ডি রামানাইড়ু, নাট্যব্যক্তিত্ব বি জয়শ্রীকে পদ্মভূষণ ও পদ্মশ্রী পদক দেওয়া হয়।এ অনুষ্ঠানে প্রয়াত অভিনেতা রাজেশ খান্না ও কৌতুক অভিনেতা জোশপাল ভাট্টিকে দেওয়া মরণোত্তর পদ্মভূষণ পদকও প্রদান করা হয়। অনুষ্ঠানে পরিচালক রমেশ সিপ্পি ও অভিনেতা নানা পাটেকরও পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছেন। ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবসে এ পুরস্কার দেয়া হয়।১৯৬৯ সালে ‘আরাধনা’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছিলেন শর্মিলা ঠাকুর। ১৯৭৬ সালে ‘মাসুম’ ছবিতে অভিনয় করে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন তিনি। ২০০৪ সালে ‘আবার অরণ্যে’ ছবিতে অভিনয়ের জন্য পান ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার। এ ছাড়া, বিভিন্ন ছবিতে সু-অভিনয়ের জন্য তিনি আরও বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন।