পদ্মা-চপলা বোটের রেপ্লিকা হস্তান্তর
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ‘পদ্মা’ ও ‘চপলা’ বোটের তিনটি রেপ্লিকা গতকাল বুধবার রবীন্দ্রভারতী ও বিশ্বভারতীতে হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ সরকারের তরফ থেকে কলকাতার জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী এবং শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় রাখার জন্য দুটি পৃথক অনুষ্ঠানে এ রেপ্লিকা হস্তান্তর করা হয়। বাংলাদেশের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ওই দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে পদ্মা ও চপলা বোটের রেপ্লিকা তুলে দেন। দুপুরে কলকাতার জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিচিত্রা ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর হাতে আবুল কালাম আজাদ পদ্মা বোটের একটি রেপ্লিকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য করুণাসিন্ধু দাস, বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার সংগীত পরিবেশন করেন। আবৃত্তি করেন কবি রবিউল হুসাইন।এ রেপ্ল্লিকাগুলো পাওয়ার জন্য শান্তিনিকেতনের বিশ্বভারতীর পক্ষ থেকে ২০১০ সালের গোড়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখে সহযোগিতা চাওয়া হয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সচিবালয় এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। শান্তিনিকেতনের জন্য পদ্মা ও চপলা বোটের দুটি রেপ্লিকা এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য পদ্মা বোটের একটি রেপ্লিকা উপহার হিসেবে পাঠানো হয় দুই বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় রাখার জন্য। গতকাল রাতে পদ্মা ও চপলার দুটি রেপ্লিকা তুলে দেওয়া হয় শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তপতী মুখোপাধ্যায়ের হাতে।