প্রমত্তা পদ্মা আজ মৃতপ্রায়। কেমন আছে দুই পারের মানুষ? পদ্মা ও তার পারের মানুষের জীবনযাত্রা নিয়ে নির্মিত হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অন্তর্ধান। এটি নির্মাণ করেছেন সৈয়দ অহিদুজ্জামান। গতকাল শনিবার চলচ্চিত্রটির পোস্টার ও টিভিপ্রোমো উন্মোচনের মধ্য দিয়ে প্রচার কার্যক্রম শুরু হলো পাকশীর হার্ডিঞ্জ সেতুর তলায়। বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক প্রচার অভিযান কর্মসূচি উদ্বোধন করেন। বিকেল সাড়ে পাঁচটায় হার্ডিঞ্জ সেতুর তলায় রুক্ষ বালুচরে অনুষ্ঠান শুরু হয়। হাসান আজিজুল হক বলেন, ‘বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে পদ্মার পানি কমে যাচ্ছে। এতে পরিবেশ বিপন্ন হচ্ছে। পদ্মাকে এখন আর মৃত নদীও বলা যায় না; বরং এখন একে মৃতদেহের কঙ্কাল বলাই উচিত। আমাদের সবাইকে পদ্মা রক্ষায় এগিয়ে আসেতে হবে।’ তিনি পদ্মা নদী নিয়ে স্মৃতিচারণা করেন।চলচ্চিত্র নির্মাতা অহিদুজ্জামান জানান, গত বছরের মার্চ মাসে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত আলাতলি থেকে এই ছবির চিত্রধারণ শুরু হয় এবং পাকশীর হার্ডিঞ্জ সেতুর নিচে শেষ হয়।গত ফেব্রুয়ারিতে ছবিটি আনকাট সেন্সর পেয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও নিপুণ। এ মাসেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছবিটির প্রদর্শন শুরু হবে।