পদ্মা-বড়াল থিয়েটারের রজতজয়ন্তী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, বিকেল সাড়ে পাঁচটায় ইলা মিত্র মঞ্চ থেকে শুরু হলো শোভাযাত্রা। ব্যানার ও ফেস্টুনে স্লোগান লেখা, ‘নাটক মানে বুক আকাশে সূর্য ধরে রাখা, নাটক মানে অন্ধকারেও আলোয় জেগে থাকা’। শোভাযাত্রা শেষ হয় রাজশাহীর চারঘাট পাইলট উচ্চবিদ্যালয় মাঠে। সেখানেই শুরু হলো পদ্মা-বড়াল থিয়েটারের রজতজয়ন্তী উৎসব।
গতকাল মঙ্গলবার এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মলয় ভৌমিক ও এস এম আবু বকর, বাংলাদেশ গ্রাম থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাঈদ হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির হিমু, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আবদুল হান্নান, খুলনা বিভাগীয় সমন্বয়কারী আমিরুল ইসলাম ও ইলা মিত্র অঞ্চলের সমন্বয়কারী কামার উল্লাহ সরকার। সভাপতিত্ব করেন পদ্মা-বড়াল থিয়েটারের সভাপতি প্রদীপ কুমার আগরওয়ালা।
দ্বিতীয় পর্বে ঢাকার আবৃত্তি সংগঠন কণ্ঠশীলন পরিবেশন করে বৃন্দ আবৃত্তি ‘আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম’। ‘বাংলার মাটি বাংলার জল’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে রাজশাহীর ‘ধ্রুপদালোক’-এর শিল্পী ল্যাডলী মোহন মৈত্র ও আলো মৈত্র। এরপর পরিবেশন করা হয় অনুশীলন নাট্যদল প্রযোজিত মলয় ভৌমিকের নাটক প্রতিপক্ষ এবং এস এম আবু বকরের নাটক একটুকরো একাত্তর। সবশেষে রাজশাহী থিয়েটার প্রযোজিত নাটক ঠ্যারো মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন কানাইলাল মণ্ডল।