পদ্মার পাড়ে ভিড়ের মাঝে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজ্ঞাতনামা ছবির দৃশ্য
অজ্ঞাতনামা ছবির দৃশ্য

রাজবাড়ী পাংশা থেকে ১৫ কিলোমিটার উত্তরে শাহ মিরপুর গ্রাম। গ্রামের কোল ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। ১ মে। হঠাৎ শত শত লোকের সমাগম সেই পদ্মার পাড়ে। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ—সব বয়সের মানুষ। বৃদ্ধ-বৃদ্ধাও এসেছেন হাতের লাঠিতে ভর করে। আবার কেউ এসেছেন নাতির কাঁধে ভর দিয়ে। কেউ এসেছেন দুধের শিশুকে কোলে নিয়ে। বেশ কৌতূহল সবার চোখেমুখে।
কী হয়েছে এখানে? কেন এই জনসমাগম? নদীতে কি ভাঙন লেগেছে, নতুন চর জেগেছে? নাকি কোনো দুর্ঘটনা?
দুর্ঘটনা-ই।
পুলিশি পাহারায় বিদেশ থেকে একটি কফিন এসেছে। এই কফিন আছিরের। পুত্রের শোকে হঠাৎ আর্তনাদ করে উঠলেন কেফায়েত উদ্দিন। সমবেত জনতার মধ্য থেকে এক কিশোরী বলল, ‘দিদি, কানতেছে যে ব্যাডা, হেই ব্যাডা টিভিতে নাটক করে।’
ছোট বোনের মুখ চেপে ধরেন দিদি। বললেন, ‘হ। এখন চুপ কর! হ্যানে কথা কইলে পরিচালক মাইর দেবে। শুটিং দেখতে দেবে না।’
এখানে শুটিং হচ্ছে। তৌকীর আহমেদের নতুন ছবি অজ্ঞাতনামা। আর কেফায়েত উদ্দিনের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ইমপ্রেস টেলিফিল্মের এই ছবির শুটিং দেখতেই এখানে এত ভিড়।
আরেকটি ঘটনা। শুটিং লোকেশনে বাঁশঝাড়ের ছায়ায় বসে জমিয়ে আড্ডা দিচ্ছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম, মোমেনা চৌধুরী, নিপুণ, জুঁইসহ অনেকে। পাশেই নিজের বিলাসবহুল চেয়ারে বসে আছেন শহীদুজ্জামান সেলিম। চোখে তাঁর রোদচশমা। নায়কোচিত চেহারা।
সেখানে এলেন গ্রামের মাঝবয়সী এক লোক। শহীদুজ্জামান সেলিমকে তিনি বললেন, ‘তৌকীর ভাই কেমন আছেন? আপনার অভিনয় আমার খুব ভালো লাগে। আপনার সাথে একটা পিকচার তোলা যাবে?’
সবাই তো অবাক। কী হচ্ছে? নির্বাক শহীদুজ্জামান সেলিম কিছু না বলে শুধু চোখ তুলে তাকালেন লোকটির দিকে। পাশে বসে আছেন তৌকীর আহমেদ। ঘটনা দেখে তো তাঁর হাসি আর থামে না। লোকটিও হতভম্ব। বুঝতে পারছেন না কী ভুলটা তিনি করেছেন!
এবার আরেকটি ঘটনা। ২ মে বিকেলবেলা ছবির গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের ধারণকাজ চলছে। ফজলুর রহমান বাবুর সামনে তাঁর পুত্রের মৃতদেহের কফিন। সঙ্গে আছেন শাহেদ আলী সুজন। তিনিও অভিনয় করছেন এই ছবিতে। দুজনই বিলাপ করছেন মৃতের জন্য। হঠাৎ শাহেদ আলী সুজন পাগলের মতো তাঁর পিঠ চুলকাতে শুরু করলেন। পরিচালক ক্যামেরার পেছন থেকে তাঁর সহকারীকে ডেকে বললেন, ‘মুন্না! সুজনকে চুলকানি বন্ধ করতে বলো।’
চুলকানি তো আর থামে না, বরং তার মাত্রা আরও বেড়ে গেল। এবার ফজলুর রহমান বাবুও তাঁর সারা শরীর চুলকাতে শুরু করলেন। পরিচালক অগত্যা শট্টি কেটে দিলেন।
চুলকানির কারণ জানার আগেই নিজের পিট চুলকাতে শুরু করলেন পরিচালক। একসময় পুরো ইউনিটের সবারই চুলকানো শুরু হয়ে গেল। ভিড় ছেড়ে দৌড়ে পালাচ্ছে সবাই। কী হলো?
পোকার আক্রমণ! হঠাৎ কোথা থেকে ছোট ছোট পোকার আবির্ভাব হলো। আর এই পোকাগুলো সবার জামার ভেতর ঢুকে কামড়াতে শুরু করেছে। ইউনিটের সবাই নিজ নিজ শট শেষ করে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে যাচ্ছেন।
এরপর অবশ্য আর তেমন ঝামেলা হয়নি। পুরো টিম রওনা দেয় পরবর্তী শুটিং স্পট গোয়ালন্দের দিকে।