
১৫ বছর লম্বা একটা সময়। দেড় দশক। এই লম্বা সময়ে কত কিছুই না পাল্টায়। পাল্টেছেও। সেদিনের তারকা অপরাহ উইনফ্রে আজ এক মহাতারকা। উইনফ্রে নিজেই এখন একটি প্রতিষ্ঠান। একটি ‘আইকন’। তবে মাঝখানের এই ১৫টি বছরে একটি জিনিস শুধু হয়নি, চলচ্চিত্রে অভিনয় করেননি উইনফ্রে।আজকের উইনফ্রে-ভক্তদের অনেকের কাছেই বিস্ময় ঠেকতে পারে, একসময় এই মার্কিন তারকা কিন্তু চুটিয়ে কাজ করেছেন রুপালি পর্দায়। শুধু তা-ই নয়, চলচ্চিত্রে তাঁর অভিষেকই হয়েছিল স্টিভেন স্পিলবার্গের মতো নামী পরিচালকের হাত ধরে। ১৯৮৫ সালে স্পিলবার্গের দ্য কালার পার্পেল ছবিতে অভিনয় করে অস্কার মনোনয়নও পেয়েছিলেন উইনফ্রে!এমন শুরুটা হয়েছিল যাঁর, সেই তিনি কিন্তু পরে বেছে নিয়েছেন অন্য পথ। আর সেই পথেই গড়েছেন ইতিহাস। সর্বশেষ ১৯৯৮ সালে বিলাভড ছবিতে অভিনয় করেছিলেন। এরপর দীর্ঘ ১৫ বছরের বিরতি। আর এই বিরতির পর উইনফ্রে আবারও ‘সিরিয়াস’ অভিনয় করলেন। গত শুক্রবার মুক্তি পেয়েছে উইনফ্রে অভিনীত ইতিহাস-আশ্রিত ড্রামা ছবি দ্য বাটলার। মাত্র তিন কোটি ডলারের এই ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই খরচ প্রায় তুলে এনেছে। আড়াই কোটি ডলার আয় করে উঠে এসেছে টপচার্টের শীর্ষে।পরিচালক লি ড্যানিয়েলসের এই ছবিটির গল্প সত্যিকারের একটি চরিত্রকে নিয়ে। ইউজিন অ্যালেন নামের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি ১৯৫২ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ৩৪ বছর হোয়াইট হাউসে কাজ করেছেন বাটলার বা পরিচারক হিসেবে। এই দীর্ঘ সময়ে তিনি আট-আটজন রাষ্ট্রপতির শাসনকাল কাছ থেকে দেখেছেন। সাক্ষী হয়েছেন নানা ঐতিহাসিক ঘটনার। অ্যালেনকে সিসিল গেইন্স নামের একটি কল্পিত চরিত্রের মধ্য দিয়ে তুলে এনেছেন পরিচালক ড্যানিয়েলস। আর এই গেইন্সের দেখার চোখ দিয়ে ছবিটির গল্প বলেছেন পরিচালক। গেইন্সের স্ত্রী গ্লোরিয়ার চরিত্রে অভিনয় করেছেন উইনফ্রে।

১৫ বছর আগে মুক্তি পাওয়া বিলাভড উইনফ্রেকে উপহার দিয়েছিল নিদারুণ হতাশা। সেই ছবিটির একাধারে প্রযোজকও ছিলেন উইনফ্রে। বক্স অফিসের ব্যর্থতা তাঁকে আর্থিকভাবে ভীষণ ক্ষতির মুখেও ঠেলে দিয়েছিল। অথচ সেই ছবিটির জন্য কম পরিশ্রম তিনি করেননি। ছবিটিতে দাসের চরিত্রে অভিনয় করতে গিয়ে সত্যিকারের একজন দাসের জীবন বেছে নিয়েছিলেন এক দিনের জন্য!দ্য বাটলার ছবিতে কাজ করার আগেও অন্য রকম এক প্রস্তুতি নিয়েছিলেন উইনফ্রে। এই ছবির শুটিং শুরুর আগে হোয়াইট হাউসে তিনি গিয়েছিলেন ২০১২ সালের নির্বাচনের প্রস্তুতিকাজের জন্য। তখনই এক ঢিলে দুই পাখি মেরেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উইনফ্রে বলেন, ‘সেখানে যাওয়ার পর আমাকে বলা হলো, আমি কোনো বাটলারের সঙ্গে কথা বলব কি না। আমি বললাম, না। তবে বাটলারদের স্ত্রীরা কি আছেন? আমি তাঁদের সঙ্গে কথা বলতে চাই।’বিলাভড ছবিটির মুখ থুবড়ে পড়ার পর অন্যদিকে মনোযোগ দিয়েছিলেন উইনফ্রে। তাঁর ‘অপরাহ উইনফ্রে শো’ এরপর সারা বিশ্বের এক আলোড়নে পরিণত হয়েছে। এরপর বি মুভি বা শার্লটস ওয়েব-এ কণ্ঠ দেওয়ার মতো টুকটাক কাজ করলেও সেই অর্থে সিরিয়াস অভিনয় তিনি করেননি। উইনফ্রে একবার বলেছিলেন, ‘আমি সেসব কিছুই করতে চাই, যেগুলো আমার কাছে সত্যিই গুরুত্ব বহন করে। শুধু ছবি করার জন্যই করাতে আমি আগ্রহী নই।’দ্য বাটলার-এও হয়তো অভিনয় করতেন না। অনেক বলে-কয়ে তাঁকে রাজি করিয়েছেন পরিচালক। পোড়াতে হয়েছে অনেক কাঠখড়। ড্যানিয়েলস ২০০৯ সালে মুক্তি পাওয়া ছয়টি অস্কারে মনোনীত, দুটি অস্কার জেতা ছবি দ্য প্রেশাস-এও কাজ করার জন্য উইনফ্রেকে বাগিয়েছিলেন। পিছু লেগেছিলেন অনেক দিন। অবশেষে পেরেছেন রাজি করাতে। ড্যানিয়েলস বলেছেন, ‘এটা অনেক কঠিন ছিল। আমি তাঁর সঙ্গে কিছু একটা করতে চাইছিলাম। তাঁকে বারবার বলেছি, আপনার আবার চলচ্চিত্রে ফেরা উচিত; কারণ তিনি দ্য কালার পার্পেল ছবিতে সত্যিই অবিশ্বাস্য ছিলেন। আমি হয়তো নিজের কাছে স্বার্থপরের মতো ছিলাম, কিন্তু আমি সত্যিই তাঁকে আবার রুপালি পর্দায় দেখতে চেয়েছি।’
সেই দেখতে চাওয়াটা অবশেষে পূর্ণ হয়েছে। আর তাতে ড্যানিয়েলসের পরিচালক হিসেবে মাস্টারির সুনাম তো আছেই, আসলে এই ছবিটির চিত্রনাট্য পড়েও আর ‘না’ করতে পারেননি উইনফ্রে। সমালোচকেরাও বলছেন, এতটাই অসাধারণ অভিনয় করেছেন এই ৫৯ বছর বয়সী, ১৯৮৫ সালে মনোনয়ন থেকে ফিরে আসার দুঃখটা হয়তো এবার ঘুচবে। হয়তো পেয়ে যেতে পারেন অস্কারও!
গালফ নিউজ অবলম্বনে