পপ তারকা ডাস্টি স্প্রিংফিল্ড চরিত্রে অ্যাডেলে!

প্রখ্যাত ব্রিটিশ পপ গায়িকা ডাস্টি স্প্রিংফিল্ডের জীবনীভিত্তিক চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন অস্কারজয়ী আরেক ব্রিটিশ গায়িকা অ্যাডেলে। সম্প্রতি অ্যাডেলের কাছের একটি সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি স্টার পত্রিকা।
এ প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, প্রয়াত ডাস্টি স্প্রিংফিল্ডের জীবনী অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন অ্যাডেলে। তবে ছবিটির কাজ এই মুহূর্তে একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ডাস্টি স্প্রিংফিল্ডের সঙ্গে অ্যাডেলের চেহারার সাদৃশ্যের কারণেই তাঁকে ছবিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
নাম চূড়ান্ত না হওয়া ছবিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ব্রিটিশ নির্মাতা নিক হুরান। এর চিত্রনাট্য লেখার দায়িত্ব পেয়েছেন ডেভিড স্টেন। ষাটের দশকে আটলান্টিক রেকর্ডসের আমন্ত্রণে যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রের মেমফিস শহরে পাড়ি জমিয়েছিলেন ডাস্টি স্প্রিংফিল্ড। এই প্রেক্ষাপটেই ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে।