পপকর্ন খেলে সিনেমা দেখার দরকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভালোবাসার শহর’ সিনেমার দৃশ্যে জয়া আহসান
‘ভালোবাসার শহর’ সিনেমার দৃশ্যে জয়া আহসান

‘সিনেমা হলে অনেকে পপকর্ন খেতে খেতে সিনেমা দেখেন। এই সিনেমার ক্ষেত্রে বলব, পপকর্ন খেলে এই সিনেমা দেখার দরকার নেই। জীবন থেকে ত্রিশ মিনিট সময় বের করে পূর্ণ মনোযোগ সহকারে যেন সবাই সিনেমাটি দেখেন।’ কথাগুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী জয়া আহসানের। স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ভালোবাসার শহর’ নিয়ে কথাগুলো বলেন তিনি।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ইউটিউবে মুক্তি পাবে জয়া অভিনীত ‘ভালোবাসার শহর’। বাংলাদেশ ও ভারতের দর্শকেরাই ইউটিউব থেকে সিনেমাটা দেখতে পারবেন। দুই দেশের বাইরে যাঁরাই সিনেমাটি দেখবেন, তাঁদেরকে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ভিডিওতে নামমাত্র খরচ করতে হবে। ‘ফড়িং’খ্যাত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী এই সিনেমার পরিচালক। ‘ভালোবাসার শহর’ সিনেমাটি এর আগেও একবার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রযুক্তিগত জটিলতায় পিছিয়ে যায়।

‘ভালোবাসার শহর’ সিনেমার দৃশ্যে জয়া আহসান
‘ভালোবাসার শহর’ সিনেমার দৃশ্যে জয়া আহসান

আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে জয়া বলেন, ‘ফাইনালি মুক্তি পাচ্ছে। নিঃসন্দেহে আনন্দের অনুভূতি। এই সিনেমার কাজ শেষ করেছি দেড় বছর হতে চলল। যদিও বেশ কিছুদিন আগের সিনেমা, তারপরও এটির আবেদন কিন্তু সর্বজনীন। এই সিনেমা দর্শক যখনই দেখবেন, তখনকারই মনে হবে। আরেকটা কথা, হয়তো এই সিনেমা দৈর্ঘ্যে ছোট, কিন্তু এর আবেদন পূর্ণদৈর্ঘ্যের সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়।’

‘ভালোবাসার শহর’ সিনেমার দৃশ্যে জয়া আহসান
‘ভালোবাসার শহর’ সিনেমার দৃশ্যে জয়া আহসান

‘ভালোবাসার শহর’ সিনেমা যাঁরাই দেখবেন, তাঁদের প্রতি জয়া কিছু অনুরোধও করেছেন। তিনি বলেন, ‘কেউ যদি শুধু এন্টারটেইন হতে এই সিনেমা দেখে, তাঁদের অনুরোধ করব, আপনাদের এই সিনেমা দেখার দরকার নেই। একজন চলচ্চিত্রপ্রেমী হিসেবে বলব, মনোযোগী দর্শকেরা সিনেমাটি দেখবেন। আমরা যে বার্তাটি দেওয়ার চিন্তা করেছি, তা যদি ঠিকভাবে পৌঁছায়, তাহলে পরিশ্রম সার্থক হবে।’

‘ভালোবাসার শহর’ সিনেমার দৃশ্যে জয়া আহসান
‘ভালোবাসার শহর’ সিনেমার দৃশ্যে জয়া আহসান

জানা গেছে, গত মাসের প্রথম দিকে ভারতের কলকাতায় ‘ভালোবাসার শহর’ সিনেমার বিশেষ প্রদর্শনী হয়েছিল। সেই প্রদর্শনীতে কৌশিক গাঙ্গুলি, অরিন্দম শীল, অনিন্দ্য চ্যাটার্জি, প্রদীপ্ত ভট্টাচার্যসহ অনেক গুণী নির্মাতা এসেছিলেন। সবাই বেশ প্রশংসা করেন।
সম্প্রতি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’। এই সিনেমায় অভিনয় করে জয়া বেশ প্রশংসিত হন।