পপি ও ‘আমি ভালোবাসিনি’
পপি এখন ব্যস্ত চলচ্চিত্রের অভিনয় নিয়ে। তার ফাঁকে হাতে সময় থাকলে আর ভালো গল্প পেলে তবেই অভিনয় করেন ছোট পর্দায়। তাও আবার বছরে হাতে গোনা দু-একটি। এরই মধ্যে রোজার ঈদের এই টেলিছবিতে কাজ করার ব্যাপারে পরিচালক হিমেল আশরাফের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে তাঁর। টেলিছবির নাম আমি ভালোবাসিনি। লিখেছেন ফারুক হোসেন। নীলাঞ্জনা প্রডাকশন হাউসের টেলিছবিটি প্রচারিত হবে ঈদে বাংলাভিশনে। পপি বললেন, ‘টিভির জন্য তেমন একটা কাজ করা হয় না। আমি ভালোবাসিনির গল্পটা পছন্দ হয়েছে। রাজি হয়ে গেলাম। এবার ঈদে হয়তো টিভিতে আর কোনো কাজ করা হবে না। আবার হতেও পারে। আসল কথা হলো গল্প। এখন তো সে রকম ভালো গল্প পাওয়াই যায় না।’আমি ভালোবাসিনি টেলিছবিতে আরও অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। আগামী ১৬ জুন থেকে এর শুটিং হবে। পপি জানান, এর আগে তিনি অভিনয় করেছিলেন গোধূলির দেখা আলো নাটকে। পরিচালক ছিলেন মেজবাহ শিকদার। পপি এখন অভিনয় করছেন চার অক্ষরের ভালোবাসা ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে আরও আছেন ফেরদৌস ও নিরব।