পপির উচ্ছ্বাস

তিন বছর বিরতির পর মুক্তি পেয়েছে পপি অভিনীত নতুন ছবি চার অক্ষরের ভালোবাসা। এরই মধ্যে ছবিটি মুক্তির তিন সপ্তাহ পার হয়েছে। এখনো কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে। তিন বছর পর মুক্তি পাওয়া ছবিটির জন্য পরিচিতজন থেকে শুরু করে চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের কাছ থেকেই প্রশংসা পাচ্ছেন বলে জানান পপি। বললেন, ‘ছবিটি থেকে ভালো প্রশংসা পাচ্ছি। দর্শক ছবিটি দেখছেন। এখনো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ছবিটি।’
গত ২৮ নভেম্বর সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায় চার অক্ষরের ভালোবাসা। ছবিতে পপির সহশিল্পী হিসেবে আছেন ফেরদৌস ও নিরব। তিন বছর বিরতির পর এই ছবিটি দিয়ে আবারও আলোচনায় আসেন পপি। পপির ভাষ্যমতে, ‘ভালো গল্প, ভালো বাজেটের ছবি না পাওয়াতে মাঝে অনেক ছবিরই কাজ ফিরিয়ে দিয়েছি। তবে এর মধ্যে গল্প, বাজেট ভালো হওয়ার কারণে চার অক্ষরে ভালোবাসা ছবির মতো দু-একটা ছবিতে কাজ করেছি। দর্শকেরা ছবিটি এখনো প্রেক্ষাগৃহে গিয়ে দেখছেন। ভালো লাগছে।’
শুধু ভালো গল্প, ভালো বাজেটই না, চলচ্চিত্রে নিজের অবস্থানকে ধরে রাখতে নিজের শরীরের ওজনের ওপরও নজর দিয়েছেন এই তারকা। মাঝখানে একটু মুটিয়ে গেলেও বর্তমানে তা থেকে বেরিয়ে আসতে পেরেছেন বলে জানান পপি। বললেন, ‘নিজেকে চলচ্চিত্রে উপযুক্ত রাখার জন্য নিয়ম মেনে খাওয়াদাওয়া করার চেষ্টা করছি এবং নিয়মিত ব্যায়ামাগারে যাচ্ছি।’
নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কি না, জানতে চাইলে পপি বলেন, ‘নতুন ছবিতে অভিনয়ের কথাবার্তা চলছে। এখনো চূড়ান্ত হয়নি।’
এদিকে ছোট পর্দার জন্যও বছরের বিশেষ বিশেষ কোনো দিনে নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করতে দেখা যায় এই তারকাকে। এ প্রসঙ্গে পপি বলেন, ‘বড় পর্দা, ছোট পর্দা আলাদা কোনো বিষয় না। আমি একজন অভিনয়শিল্পী। শিল্পী হিসেবেই কাজ করে যাচ্ছি।’
চলচ্চিত্রে অভিনয় করে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পপি। ছবি তিনটি হচ্ছে কালাম কায়সারের কারাগার, নারগিস আক্তারের মেঘের কোলে রোদ এবং অহিদুজ্জামান ডায়মন্ডের গঙ্গাযাত্রা।