পপির হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন পপি। যে তিনটি ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন, সে ছবিগুলোর তিনটি চরিত্র নিয়ে তিনি কথা বললেন ‘আনন্দ’র সঙ্গেপপি কি ভাবতে পেরেছিলেন পরপর তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন? যে তিনটি চরিত্রে অভিনয় করেছেন, তার প্রতিটিই বৈচিত্র্যময় এবং একটির চেয়ে অন্যটি আলাদা। সে চরিত্রগুলো সম্পর্কেই জানতে চাইলাম তাঁর কাছে।টোকাইকালাম কায়সার নির্মাণ করলেন কারাগার ছবিটি। শিল্পী পপি ও ফেরদৌস। পপি এখানে টোকাই হয়ে কাজ করলেন। ‘বলতে পারেন, আমি এই ছবিতে টোকাইদের প্রতিনিধিত্ব করেছি। এখন শুধু ঢাকা নয়, দেশের বিভাগীয় শহরগুলোতে এই টোকাইদের দেখা যায়। তাদের জীবন যে কী কষ্টের, তা আমি এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ বলছিলেন পপি।টোকাইদের সম্পর্কে পপির কোনো ধারণা ছিল না। পরিচালক যখন তাঁকে গল্পটির কথা শোনালেন, তখন তিনি শুটিং শেষ করে ঢাকার সোনারগাঁও মোড় হয়ে ফার্মগেট পর্যন্ত গাড়ি চালিয়ে যেতেন। রাস্তার ধারে গাড়ি থামিয়ে দেখেছেন টোকাইদের জীবনযাত্রা। মশার কামড় খেয়ে তারা ঘুমায়। ঝড়-বৃষ্টি গলে টোকাইরা কাকভেজা হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করে। ‘ছবিতে অভিনয় করতে গিয়ে আমার এই দেখার অভিজ্ঞতা বেশ কাজে লাগে। অভিনয় করলাম। ছবিটি মুক্তি পেল। অনেকেই বলল ছবিটিতে আমি অসাধারণ অভিনয় করেছি। শুনে ভালো লাগল। এই ছবি যে আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেবে, সেটি কোনো দিনই ভাবিনি।’ বললেন পপি।কারাগার ছবিটি ব্যবসায়িকভাবে সাফল্য পায়নি। ছবিতে পপির টোকাই চরিত্রে অভিনয়ের ব্যাপারটি পপির অন্য নির্মাতারা ভালোভাবে মেনে নিতে পারেননি। কিন্তু একটা সময় এই চরিত্রটিই পপিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মান এনে দেয়। মুক্তির প্রায় তিন বছর পর পুরস্কার ঘোষিত হলে পপি এই আনন্দের সংবাদটি জানতে পারেন। রোদেলার অভিশপ্ত জীবনমেঘের কোলে রোদ ছবিটি নির্মাণ করেন নার্গিস আক্তার। এ ছবিতে ‘রোদেলা’ চরিত্রে অভিনয় করেন পপি। ছবির গল্প শুনেই তিনি ছবিটি করার ব্যাপারে আগ্রহ দেখান। পারিশ্রমিকও অনেক কম নেন পরিচালকের কাছ থেকে। রোদেলার বাবা ও মা এইচআইভি পজিটিভ। রোদেলার বিয়ে হয়। বিয়ের পরে যখন রোদেলার স্বামী, শ্বশুর ও শাশুড়ি জানতে পারেন বিষয়টি, তখনই রোদেলার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। রোদেলাকে যেতে হয় আদালতের কাঠগড়ায়। সমাজ তাকে ভালোভাবে মেনে নিতে পারে না। রোদেলা কোথায় যাবে, সে তা জানে না। ‘এইচআইভি পজিটিভ কোনো রোগীকে আগে দেখিনি। ফলে তাদের সন্তানদের কী অবস্থা হতে পারে, সেই ধারণাও আমার ছিল না। পরিচালক নার্গিস আক্তার আমাকে গল্পের মতো করে কিছু ঘটনা বললেন। আমাকে বললেন, “তুমি এই মুহূর্তে নিজেকে মনে করবে যে তোমার মা-বাবা এইডসে আক্রান্ত। তোমার বিয়ে হয়েছে। সেই পরিবার বিষয়টি জেনে তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুমি অসহায় একটি মেয়ে।” পরিচালকের কথা শুনে কাজটা শুরু করলাম। ছবির শুটিং করছি আর এ সম্পর্কে ধারণা আরও বেশি করে পেতে লাগলাম। ছবির শুটিং করতে মালয়েশিয়ায় গেলাম রিয়াজ, টনি ডায়েস ও আমি। সে এক ভীষণ মজার স্মৃতি। পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে শুটিং হবে, কিন্তু প্রথমে বলা হলো অনুমতি নেই। পরিচালক নাছোড়বান্দা। সকাল থেকে বসে আছি। বিকেলে ঠিকই অনুমতি নিয়ে এলেন পরিচালক। প্রায় সাত দিন সেখানে ছিলাম। ছবিটির কাজ শেষ করে দেখার পর আমার নিজের চোখেই পানি চলে এল। একজন রোদেলার জীবন যে কতটা অভিশপ্ত হতে পারে, সেটা মনে হতেই এখনো আমার গা শিউরে ওঠে।’ বললেন পপি।আর এই রোদেলাদের একজন প্রতিনিধি হওয়ার সুবাদেই পপি অর্জন করলেন দ্বিতীয়-বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মান। একজন ধাঙড়‘ধাঙড়দের (সুইপার) সঙ্গে আমার আসলে কখনো দেখা হয়েছিল বলে মনে পড়ে না। একদিন হঠাৎ করেই পরিচালক ওহিদুজ্জামান ডায়মন্ড এলেন একটি ছবির গল্প শোনাতে। ছবির নাম গঙ্গাযাত্রা। খুব সুন্দর গল্প। কিন্তু যখনই শুনলাম শূকরের পাল নিয়ে একাধিক দিন শুটিং করতে হবে, তখন মনে হলো অসম্ভব।’ বলছিলেন পপি।এই অসম্ভবকেই সম্ভব করেছেন পপি। বোরকা পরে চলে গেলেন পুরান ঢাকার ধাঙড়পট্টিতে। সকালে গিয়ে বিকেল পর্যন্ত তাদের জীবনযাপন দেখলেন। তারপর বাসায় এসে আয়নার সামনে দাঁড়িয়ে ধাঙড়দের মতো করে সংলাপ বলার চেষ্টা করলেন। যেখানে পারতেন না, সেখানেই আবার পরিচালককে ফোন করে সহযোগিতা নিতেন। এমনি করে প্রস্তুতি নিয়ে শুটিং করতে গেলেন তিনি। প্রচণ্ড গরম তখন। সকাল থেকে শূকরের পাল নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুটিং করেন। শুটিং শেষ হলে কান্না আসত। তাঁর নিজের কাছ থেকেই যে দুর্গন্ধ পেতেন, তা ছিল তাঁর কাছে অসহনীয়। কখনো কখনো এমন মনে করেছেন, শুটিং স্পট থেকে ঢাকায় চলে আসবেন। ‘সারা দিন শুটিং শেষ করে বাথরুমে ঢুকে থাকতাম দুই ঘণ্টা। সাবান-শ্যাম্পু মাখতাম আর পানি ঢালতাম শরীরে। ছবিতে আমার চরিত্রের নাম সুধামণি। সুধামণি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল আগে থেকেই। তো এই মেকআপ একবার নিয়ে আবার তোলা এবং পরদিন আবার নেওয়া, উফ্, কী যে যন্ত্রণার ছিল, তা বলে শেষ করা যাবে না। ছবিতে ফেরদৌস আর আমি দুজন কাজ করছি। আমাদের সঙ্গী ছিল শূকরছানা। পরিচালক ক্যামেরা যখন চালাতে বলতেন, তখন দেখা যেত ফেরদৌস আর আমি সংলাপ বলছি, কিন্তু শূকরের পাল তখন সরে গেল ক্যামেরার সামনে থেকে। ক্যামেরাম্যান বললেন, সবই ঠিক ছিল, শূকরগুলো নেই। মানুষ তো কথা শোনে, কিন্তু শূকরকে কীভাবে বোঝাই। তখন দুটি শূকরছানাকে কাছে টেনে নিতে হলো। দেখা গেল অন্য শূকরগুলোও কাছাকাছি থাকছে।’ বললেন তিনি।কষ্টে কেষ্ট মেলে। পপি একটি রেকর্ড তৈরি করলেন। এই ছবির মাধ্যমেই পেলেন তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পপির অভিনয়জীবনের ১৪ বছর পূর্ণ হতে চলেছে। বললেন, ‘অভিনয়জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তিনবার সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করা। তবে কিছুটা কষ্টবোধও আছে। আমি আরও ভালো কাজ করতে চাই। এখানে মেধার সংকট যেমন আছে, তেমনি নেই কারিগরি সুবিধাও। আমরা আমাদের শিল্পের উন্নয়ন চাই। এ জন্য সরকারের পৃষ্ঠপোষকতা খুবই জরুরি।’ বললেন পপি।রাষ্ট্র যাঁকে তিনবার সম্মানিত করেছে, সেই রাষ্ট্রের কাছে পপি এতটুকু চাইতেই পারেন।