পয়সার পেছনে ছোটেননি টম হ্যাঙ্কস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম হ্যাঙ্কস
টম হ্যাঙ্কস

চলচ্চিত্রে অভিনয়ের বিনিময়ে বিপুল অঙ্কের পারিশ্রমিক পেলেও সম্প্রতি টম হ্যাঙ্কস দাবি করেছেন, কখনোই পয়সার পেছনে ছোটেননি তিনি। টাকাপয়সা তাঁর কাছে মোটেও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় বলেও জানিয়েছেন অস্কারজয়ী এ তারকা অভিনেতা।

এ প্রসঙ্গে টমের ভাষ্য, ‘কাঁড়ি কাঁড়ি অর্থ উপার্জন কখনোই আমার লক্ষ্য ছিল না, এখনো নেই। এটা আমার কাছে মোটেও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। ক্যারিয়ারের শুরুতে কাজের জন্য যে সামান্য পারিশ্রমিক পেতাম, এখনো সেই অঙ্কের পারিশ্রমিক পেলেই আমি খুশি। ১৯৮০ সালে “বোসম বাডিস” টিভি সিরিজে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে প্রতি সপ্তাহে পাঁচ হাজার ডলার পেতাম। সত্যি বলছি, সারা জীবনই এমন কম পারিশ্রমিক পেয়েও আমি খুশি থাকতে পারতাম।’

টম আরও বলেন, ‘কিন্তু অনেক দিন থেকেই অবিশ্বাস্য অঙ্কের পারিশ্রমিক দেওয়া হচ্ছে আমাকে। আবারও বলছি, কখনোই অর্থের পেছনে ছুটিনি আমি। বিশ্বের সবচেয়ে বড় ও সুন্দর বাড়িতে বাস করেও কোনো লাভ নেই, যদি মনের শান্তি না থাকে।’ এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।   

অভিনয়জীবনের উত্থান-পতন নিয়েও খোলামেলা কথা বলেছেন ৫৭ বছর বয়সী প্রখ্যাত এ মার্কিন অভিনেতা। এ প্রসঙ্গে টম বলেন, ‘অভিনয়জীবনে ভুল কিছু সিদ্ধান্ত নেওয়ার খেসারত দিতে হয়েছে আমাকে। ১৯৮৪ সালে আমার অভিনীত “স্প্ল্যাশ” ছবিটি সাফল্যের মুখ দেখলেও এরপর আমার কয়েকটি ছবি ফ্লপের খাতায় নাম লেখায়। তখন আমাকে নিয়ে কেউ কাজের আগ্রহ দেখাননি।’

টম আরও বলেন, ‘আমি ভাগ্যবান এই কারণে যে, ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পেরেছিলাম। নইলে জীবনে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হতো আমাকে। শেষ পর্যন্ত তারকাখ্যাতি যখন এসে ধরা দিল, তখন সানন্দে তা গ্রহণ করেছিলাম। মিথ্যে বলব না, তারকাখ্যাতি অর্জনের জন্য আমি আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম।’