পরমব্রত এবার 'ভুবনমাঝি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুবনমাঝি ছবির দুই শিল্পী পরমব্রত ও অপর্ণা
ভুবনমাঝি ছবির দুই শিল্পী পরমব্রত ও অপর্ণা

পরমব্রত চট্টোপাধ্যায় ভয়ংকর সুন্দর ছবির কাজ শেষ করেছেন গতকাল বুধবার। রাতে ফিরে গেছেন কলকাতায়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কথা হলো তাঁর সঙ্গে। পরমব্রত বললেন, ‘এরপর আসব ভুবনমাঝি ছবির শুটিং করতে।’ এরই মধ্যে ভুবনমাঝি ছবিতে অভিনয়ের ব্যাপারে পরিচালক ফাখরুল আরেফীনের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে। এই ছবিতে পরমব্রতর সঙ্গে অভিনয় করবেন অপর্ণা ঘোষ। সরকারি অনুদানে তৈরি হবে ছবিটি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় ভুবনমাঝি ছবির শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে পরমব্রতকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ফাখরুল আরেফীন বলেন, ‘ছবির গল্পের শুরু ১৯৭০ সালে। শেষ হবে ২০১৩ সালে। মাঝে এক বড় অংশজুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ। পুরোটাই সত্যি ঘটনা অবলম্বনে। আমরা চরিত্রগুলোর নামও পরিবর্তন করিনি।’
পরমব্রত আর অপর্ণাকে নিজের ছবির জন্য চূড়ান্ত করার ব্যাপারে ফাখরুল আরেফীন বলেন, ‘আমি অনেক দিন থেকেই পরমব্রতকে খেয়াল করছি। তাঁর কাজগুলো দেখছি। ভুবনমাঝি ছবির গল্প একজন বাউলকে ঘিরে। এই চরিত্রটির সঙ্গে পরমব্রতর অনেক মিল দেখতে পেয়েছি। আর অপর্ণার ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছে।’
অপর্ণা এ পর্যন্ত পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘পরিচিতজনদের মতে, আমি নাকি এখন অনুদানের ছবির নায়িকা হয়ে গেছি। অনুদানের কয়েকটি ছবিতে এরই মধ্যে কাজ করেছি। আসলে অনুদানের ছবির গল্পগুলো একটু অন্য রকম। কাজ করেও আনন্দ পাই।’
ভুবনমাঝি ছবির এখন প্রস্তুতি চলছে। শিগগিরই পরমব্রতর সঙ্গে আলোচনা করে শুটিংয়ের তারিখ চূড়ান্ত করবেন পরিচালক।