পরমব্রত ও অপর্ণার সঙ্গে সিনেমা দেখবেন কীভাবে?

ভারতীয় অভিনেতা পরমব্রত আর বাংলাদেশি অভিনেত্রী অপর্ণা ভক্তদের জন্য সুখবর। একটি বিষয়ে নিজেদের অনুভূতি জানিয়ে এই অভিনয়শিল্পীর ভক্তরা তাঁদের সঙ্গে প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখার সুযোগ পাবেন। সুযোগটি করে দিচ্ছেন ‘ভুবনমাঝি’ ছবির পরিচালক ফাখরুল আরেফীন। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ রোববার দুপুরে কলকাতা থেকে এই খবরটি জানালেন পরিচালক।
‘ভুবনমাঝি’ সিনেমার একটি সংলাপ হচ্ছে ‘কবে তোমার মনে হয়েছিল এই পতাকা তোমার, এই দেশ তোমার’। এই সংলাপ নিয়ে একটি অন্যরকম ক্যাম্পেইন শুরু করেছেন ছবি সংশ্লিষ্টরা। ছবির প্রচারণার অংশ হিসেবে যে কেউ চাইলে এই সংলাপ নিয়ে নিজের অনুভূতি লিখে বা ভিডিও আকারে ‘ভূবনমাঝি’ সিনেমার ফেসবুক পেজে পাঠিয়ে জিতে নিতে পারে এই সুযোগ। বিজয়ীরা প্রিমিয়ার শোতে পরমব্রত আর অপর্ণার সঙ্গে বসে ভুবনমাঝি সিনেমা দেখতে পাবেন।
এমন উদ্যোগ নেওয়ার কারণ প্রসঙ্গে ফাখরুল আরেফীন বলেন, ‘আমরা আমাদের এই সিনেমাকে শুধুমাত্র প্রেক্ষাগৃহে প্রদর্শন আর ব্যবসার মধ্যে ধরে লাখতে চাই না। এটাকে সিনেমার চাইতেও একটু বেশি কিছু মনে করছি। আমরা জানতে চাই, মুক্তিযুদ্ধ নিয়ে উপলব্ধির কথা, প্রথম অনুভূতির স্মৃতি আর পতাকা ও দেশ নিয়ে কথা। এইজন্য আমরা এমন একটা আয়োজন করেছি।’
সরকারি অনুদানে নির্মিত এই ছবিটি প্রসঙ্গে নির্মাতা ফাখরুল আরেফীন বলেন, ‘ছবির গল্পের শুরু ১৯৭০ সালে। শেষ হবে ২০১৩ সালে। মাঝে এক বড় অংশজুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ। পুরোটাই সত্যি ঘটনা অবলম্বনে।’