পরশপাথর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচয় ১৯৮৫ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগের পাশেই রসায়ন বিভাগ। স্যার ওই বিভাগের শিক্ষক। দেখতাম, প্রতিদিন বিভাগের সামনে দিয়ে হাঁটাহাঁটি করছেন তিনি—এসব অবশ্য দূর থেকে দেখা। পরে দেখি, তিনি আমাদের শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষক! তখন থেকে একটু-আধটু মুখচেনা। কিন্তু ঘনিষ্ঠতা হয় ১৯৯৬ সালে এসে।সেবার স্যারকে সুনামগঞ্জে হাসন উৎসবে নিয়ে গিয়েছিলাম। বাউল সাধক হাসন রাজাকে নিয়ে অনিয়মিতভাবে আমরা এই উৎসব করি। ওখানে হাসন রাজাসহ আরও কয়েকজন বাউলশিল্পীর গান করেছিলাম আমি। এর মধ্যে একটি ছিল গিয়াস উদ্দিনের ‘মরিলে কান্দিস না আমার দায়’। গানটি খুব পছন্দ করলেন স্যার।ওই অনুষ্ঠানে মরমি বাউল শাহ আবদুল করিমও গান করেছিলেন। হুমায়ূন আহমেদ সেই প্রথম তাঁর গান শোনেন। মনে আছে, সেদিন শাহ আবদুল করিমের সুরের রসে খুবই মজেছিলেন তিনি। নিজে গিয়ে পরিচিত হলেন শিল্পীর সঙ্গে। পরে শাহ আবদুল করিম ও তাঁর গান নিয়ে বিটিভিতে ‘জলসাঘর’ নামে একটি অনুষ্ঠান করেন। ভীষণ জনপ্রিয় হয়েছিল অনুষ্ঠানটি। নব্বইয়ের দশকের শেষার্ধে সেই প্রথম নাগরিক মানুষেরা শুনল এক সাধক বাউলের গান। এরপর তো ধীরে ধীরে শাহ আবদুল করিমের গান মানুষের মুখে মুখে ছড়াল। এই প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, সিলেটের এই মরমি বাউলকে জনপ্রিয় এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার পেছনে হুমায়ূন স্যারের কতটা অবদান। আসলে তাঁর ভেতরে সব সময় একটি বাউলমন বাস করত। তাই হাসন রাজা, শাহ আবদুল করিম, গিয়াস উদ্দিন, জালাল উদ্দিন খাঁ, উকিল মুন্সী—বারবার ফিরে যেতেন এঁদের কাছে।নিজের গাঁটের পয়সা খরচ করে আমার কণ্ঠে হাসন রাজার ১৩টি গানের একটি অ্যালবাম বের করলেন— একদিন তোর হইব রে মরণ নামে। অ্যালবামের আগে এই গানগুলো তাঁর আজ রবিবার নাটকেও ব্যবহূত হয়েছে। অ্যালবাম প্রকাশের পর যথারীতি গানগুলো লুফে নিল সবাই। স্যার একদিন সহাস্যে আমায় বললেন, ‘গানগুলো দারুণ জনপ্রিয় হয়েছে। আমেরিকাতেও সবাইকে এই গান শুনতে দেখেছি।’ এ ছাড়া আমার ‘আইজ পাশা খেলব রে শ্যাম’ গানটি জনপ্রিয় করে তোলার পেছনেও তিনিই প্রধান ক্রীড়নক।শিল্পী হিসেবে আজ যত দূর এসেছি, এর পেছনে হুমায়ূন স্যারের উৎসাহ ও ভূমিকা সীমাহীন। মনে পড়ে, কথায় কথায় একবার বলেছিলেন, ‘তোমার ভেতরে কোয়ালিটি আছে, প্রতিভা আছে। প্রতিভা না থাকলে আমি কারও জন্য কিছু করি না।’ স্যার আমার মধ্যে প্রতিভার কোন দ্যুতি দেখেছিলেন, জানি না। তবে আমার জীবনে তিনি পরশপাথরের মতো।একটা স্মৃতির কথা বলি। স্যারের সঙ্গে ট্রেনে চেপে একবার দিনাজপুর যাচ্ছিলাম। তিনি হুকুম করেছেন, দিনাজপুরের অনুষ্ঠানে গান গাইতে হবে আমাকে। কিন্তু প্রবল জ্বরে আমি তখন দিশাহারা। গাইতে পারব কি না জানি না। স্যার বলেছেন, তাই যাচ্ছি। এর মধ্যে ট্রেনের কামরায় হঠাৎই আমার মাথায় হাত রাখলেন তিনি। আশ্চর্য! তাঁর হাতের স্পর্শ পাওয়া মাত্র জ্বর কমতে শুরু করল আমার। যুক্তিবাদীদের কাছে ঘটনাটি অবিশ্বাস্য ঠেকবে হয়তো। কিন্তু এর পুরোটাই সত্য। পরশপাথররা এমন ঘটনা ঘটাতেই পারেন। সেলিম চৌধুরী: সংগীতশিল্পী