পরাহোর 'এখানেই শেষ নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরাহোর ব্যান্ডের সদস্যরা
পরাহোর ব্যান্ডের সদস্যরা

এখানেই শেষ নয় পরাহোর দ্বিতীয় অ্যালবাম। গত ২৬ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় কনসার্টের মধ্য দিয়ে অ্যালবামটির প্রকাশনা উৎসব হলো। এখানে উপস্থিত ছিলেন ব্যান্ডের সদস্যদের পরিবার, বন্ধু আর শুভানুধ্যায়ীরা। ছিলেন বিভিন্ন ব্যান্ডের সদস্যরা। তাঁরা এসেছিলেন পরাহোকে শুভেচ্ছা জানাতে। কনসার্টে গান করেছে ওউন্ড, আর্বোভাইরাস, দ্য ম্যানেজার, কন­ক্লুশন, অ্যাবসেন্সিয়াসহ কয়েকটি ব্যান্ড।
কনসার্টে সবার শেষে মঞ্চে আসে পরাহো। অ্যালবাম আর নিজেদের নিয়ে কিছু কথা তুলে ধরা হয়। তারপর পরাহো পরিবেশন করে নতুন অ্যালবামের কিছু গান।
পরাহোর সদস্য শাহেদ বলেন, ‘অ্যালবামটি আমাদের সবার জন্যই একটি স্বপ্নপূরণ। চার বছর আমরা অনেক কষ্ট করেছি। এখন চাই অ্যালবামটি সবার কাছে পৌঁছে যাক। তাই অ্যালবামটি বিনা মূল্যে সবার হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
‘আমি তোমার জন্য পথ হারাব/ তুমি জোছনা/ আমি তোমার জন্য রং ছড়াব/ বর্ণহীন মায়ায়।’ যাঁরা বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড মিউজিকের নিয়মিত খবর রাখেন, তাঁদের কাছে খুব পরিচিত এই কথাগুলো। কথাগুলোর সঙ্গে জড়িয়ে আছে একটি নাম, পরাহো। বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড মিউজিকের অন্যতম উদীয়মান শ্রোতাপ্রিয় ব্যান্ড। পরাহো রক মেজাজের গান করে। এই ব্যান্ডে রয়েছেন মাশরুর (কণ্ঠ), শাহেদ ও প্রিতম (গিটার), রেশাদ (বেস) ও রাহুল (ড্রামস)।
পরাহোর শুরুটা ২০১০ সালে। এর পরের বছর আসে প্রথম অ্যালবাম। এবার এসেছে তাদের স্টুডিও অ্যালবাম এখানেই শেষ নয়। এতে রয়েছে ১০টি গান। গানগুলো শুনলে পাওয়া যাবে রক জনরার বিভিন্ন সাব জনরার স্বাদ। যাঁরা এখনো অ্যালবামটি হাতে পাননি, তাঁরা বিনা মূল্যে ডাউনলোড করতে পারেন পরাহোর নিজস্ব ওয়েবসাইট porahotheband.com থেকে।