পরিচালক অসুস্থ, পেছাল 'হারজিৎ'

আজ সকালে শুরু হওয়ার কথা ছিল মাহি-সজল জুটির নতুন ছবি ‘হারজিৎ’-এর শুটিং। কিন্তু গত রাতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ছবির পরিচালক। এ কারণে পিছিয়ে গেল ছবির শুটিং। এরই মধ্যে শুটিংয়ের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
‘হারজিৎ’ ছবির পরিচালক বদিউল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শুটিংয়ের প্রস্তুতি নেওয়াই ছিল। গত রাত থেকে হঠাৎ আমার শরীরটা ভালো যাচ্ছিল না। এই মুহূর্তে অবশ্য কিছুটা সুস্থ। আশা করছি, শিগগিরই ঠিক হয়ে যাব।’ তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে উত্তরার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হবে। শুটিংয়ের নতুন তারিখ ছবি-সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।
‘হারজিৎ’ ছবির নায়িকা মাহিয়া মাহি জানান, যুক্তরাষ্ট্র থেকে ফিরেই শুটিংয়ে অংশ নেবেন তিনি। মাহি বলেন, ‘যেহেতু শুটিং পিছিয়েছে, পরিবারের সবার সঙ্গে কিছুদিন যুক্তরাষ্ট্রে ঘুরতে যাব। শুটিং শুরুর আগেই ফিরে আসব।’
‘হারজিৎ’ ছবিটিতে আরও অভিনয় করছেন মৌসুমী, ওমর সানি, মিশা সওদাগর, খালেদা আক্তার কল্পনা, আফজাল শরীফ প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে অভি কথাচিত্র।