পরিচালক জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই ধারাবাহিক নাটক পরিচালনা করতে যাচ্ছেন অভিনয়শিল্পী জয়। এর আগে নিজেকে তৈরি করার জন্য একটি টেলিছবি বানালেন। নাম গলির মোড়ের সিডির দোকান। জয় বললেন, ‘ভিডিও পাইরেসির শিকার হয়ে আমাদের চলচ্চিত্রশিল্প ধ্বংস হচ্ছে। হাতে গোনা কয়েকজন অপরাধীর কাছে জিম্মি পুরো চলচ্চিত্রশিল্প। এখন এর প্রভাব পড়ছে চলচ্চিত্রের সঙ্গে জড়িত বিভিন্ন পেশার মানুষের ওপর। টেলিছবির গল্পে আমি এই ব্যাপারটিই তুলে ধরেছি।’পরিচালনার পাশাপাশি জয় নিজেও অভিনয় করেছেন এই টেলিছবিতে। সঙ্গে আছেন সুমাইয়া শিমু, তানজিকা, হাসান মাসুদ এবং কুমিল্লা থিয়েটারের সঙ্গে যুক্ত সদস্যরা। ২ এপ্রিল টেলিছবিটি প্রচারিত হবে চ্যানেল আইতে। জয় আরও বললেন, ‘আমার অভিনয়জীবন শুরু হয়েছিল ইমপ্রেস টেলিফিল্মের নাটক দিয়ে। এরপর নানাভাবে আমি এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সহযোগিতা পেয়েছি। এবার তারা আমাকে ধারাবাহিক নাটক পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমিও রাজি হয়েছি।’ধারাবাহিকটির নাম সুন্দর আলী। জয় জানান, নাটকটির কিছু অংশের শুটিং হবে দক্ষিণ আফ্রিকার সান সিটিতে। নাটকটি তিনি নিজেই লিখছেন। এখন চলছে শিল্পী চূড়ান্ত করার কাজ। মাসখানেকের মধ্যে নাটকের শুটিং শুরু করবেন তিনি। বললেন, ‘অভিনয়ের পর যতটুকু সময় পাব, এখন থেকে তা লেখালেখি আর পরিচালনার কাজেই ব্যয় করব।’