পরিচালক বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী ও নাট্যকার বিপাশা হায়াত পরিচালনা করবেন। হ্যাঁ, তাঁর পরিচালিত প্রথম নাটকটি দেখানো হবে এবার ঈদে দেশ টিভিতে। বিপাশা বললেন, ‘পরিচালনা করব, এমন একটা পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। ভেবেছিলাম, আমার প্রথম নাটকটি অনেক সময় নিয়ে বানাব। পছন্দের কয়েকজন শিল্পীকে বলেও রেখেছিলাম। কিন্তু হলো না। অনেকটা হঠাৎ করেই পরিচালনার সিদ্ধান্তটা নিতে হয়েছে। নাটকটা এখনো লেখা হয়নি। তবে পুরো গল্পটা ভেবে রেখেছি। আজ-কালের মধ্যেই বসে লিখে ফেলব।’দেশ টিভি এবার ঈদে প্রচার করবে সাত দিনের অনুষ্ঠানমালা। সাত দিনে থাকছে সাতটি বিষয়ের ওপর অনুষ্ঠান—প্রেম, হাসি, বন্ধন, তারুণ্য, যুদ্ধ, রহস্য ও মন। এর মধ্য থেকে নিজের প্রথম পরিচালনার জন্য বিপাশা বেছে নিয়েছেন ‘রহস্য’কে।জানালেন, নাটকের নামটা এখনো চূড়ান্ত হয়নি। গল্পটা একটি মেয়েকে ঘিরে। তার রহস্যজনক আচরণ নিয়ে।নিজের নাটকে অভিনয় করছেন না বিপাশা। এ নাটকে অভিনয়ের ব্যাপারে আগ্রহ নেই তাঁর স্বামী তৌকীর আহমেদেরও। বিপাশা বললেন, ‘তৌকীরের ধারণা, তাহলে হয়তো লোকে ভাববে, পুরো কাজটা ও তৈরি করে দিয়েছে। আসলে ও চায়, কাজটা যেন আমি স্বাধীনভাবে করি। তাহলে সেটা আমার মনের মতো হবে। তবে বিভিন্ন ব্যাপারে তৌকীর আমাকে উৎসাহ দিচ্ছে।’এ মাসের মাঝামাঝি নাটকটির কাজ করবেন বিপাশা।