পরিচালক সমিতির নির্বাচনে সভাপতি মোহাম্মদ হান্নান, মহাসচিব এফ আই মানিক
চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে সভাপতি, সহসভাপতি, মহাসচিব ও যুগ্ম মহাসচিব এবং প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদসহ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে মোহাম্মদ হান্নান-এফ আই মানিক প্যানেল। এই প্যানেল নয়টি পদে এবং শাহ আলম কিরণ ও মুশফিকুর রহমান গুলজার প্যানেল আটটি পদে জয়লাভ করে।গত শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। রাত দেড়টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে পরিচালক সমিতির মোট ৩১৩ সদস্যের মধ্যে ভোট দেন ৩০৪ জন। এর মধ্যে ২৫টি ভোট বাতিল হয়। নির্বাচনে সর্বোচ্চ ভোট পান নজমুল হুদা মিন্টু। তিনি সাধারণ সদস্য পদে ১৯৮ ভোট পান। সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী হন আজিজুর রহমান (সহসভাপতি)। এবার যাঁরা নির্বাচিত হলেন সভাপতি মোহাম্মদ হান্নান, সহসভাপতি আজিজুর রহমান, মহাসচিব এফ আই মানিক, যুগ্ম সম্পাদক মো. শাফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ মণি, আন্তর্জাতিকবিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার খোকন, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আহমেদ ইলিয়াস ভূঁইয়া, অর্থ সম্পাদক ফিরোজ আলম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)। সাধারণ সদস্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন নজমুল হুদা মিন্টু, মতিন রহমান, সাঈদুর রহমান সাঈদ, বেলাল আহমেদ, রায়হান মুজিব, আবদুস সামাদ খোকন, সেলিম আজম ও এ কে এম সেলিম।