গুলজার সভাপতি, বদিউল আলম মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন
সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন

দুই বছরের জন্য চূড়ান্ত হলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন নেতৃত্ব। গতকাল শুক্রবার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোটের মাধ্যমে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর চলচ্চিত্র পরিচালক সমিতিকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তাঁরা।

নির্বাচনে গুলজার-খোকন পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু এবং সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব পরিষদ।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর আজ শনিবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে বদিউল আলম খোকন বলেন, ‘আমাদের এবারের স্লোগান হচ্ছে, জীবন দিয়ে হলেও চলচ্চিত্রকে রক্ষা করব। তাই শুরুতে আমাদের করণীয় হচ্ছে, চলচ্চিত্র নিয়ে মানুষের যে নেতিবাচক ধারণা আছে তা দূর করতে যা কিছু করা দরকার সব ধরনের পদক্ষেপ নেব। আমাদের এই উদ্যোগে এবারের নির্বাচনে যাঁরা জয়ী হয়েছেন, তাঁরা তো থাকবেনই, পাশাপাশি যাঁরা জয়ী হননি, তাঁরাও থাকবেন।’

খোকন এও বলেন, ‘আমরা এও দেখেছি, অনেক গুণী নির্মাতা বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্র নির্মাণ থেকে দূরে সরে আছেন। আমাদের নবনির্বাচিত কমিটির ইচ্ছে তাঁদের আবার চলচ্চিত্রমুখী করা। আমাদের নতুন কমিটির সঙ্গে একসময়ের গুণী নির্মাতারাও এই মিশনে যুক্ত হবেন। চলচ্চিত্রে বর্তমানে যে অবস্থা চলছে, তা থেকে কিছুটা হলেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব—এটাই আমাদের একমাত্র লক্ষ্য।’

গুলজার-খোকন পরিষদ থেকে নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি মনতাজুর রহমান আকবর, অর্থ সম্পাদক আহমেদ ইলিয়াস ভূঁইয়া, আন্তর্জাতিক–বিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক শাহীন কবির টুটুল, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক সালাহউদ্দিন।


বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) পরিচালক সমিতি কার্যালয়ে গতকাল সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এবার ভোটার ছিলেন ৩৬৮ জন।