পরিচালনা থেকে অভিনয়ে
কাজী নজরুল ইসলামকে নিয়ে বিদ্রোহী নামের একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেন ফয়সাল রহমান। কিন্তু নজরুল চরিত্রে অভিনয়ের জন্য শিল্পী খুঁজে পাচ্ছিলেন না। ছবি নির্মাণের প্রায় সব আশা যখন শেষ, তখন নাটকীয় ঘটনার মধ্য দিয়ে পরিচালক একজন সাধারণ মানুষকে পেয়ে যান। নজরুল চরিত্রের জন্য এই লোকটিকেই চূড়ান্ত করেন পরিচালক। ধীরে ধীরে নজরুল চরিত্রের জন্য লোকটিকে প্রস্তুত করে তোলা হয়। এই গল্প নিয়ে তৈরি হলো নাটক একটি গল্পের চিত্রনাট্য। এখানে পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন নুরুল আলম আতিক। বাস্তব জীবনেও তিনি একজন পরিচালক। এর আগে তিনি অভিনয় করেছেন স্ক্রিপ্ট রাইটার ও আলেয়ার ফুল নাটকে। নুরুল আলম আতিক বললেন, ‘অভিনয়টা কখনোই উপভোগ করতে পারি না। আমি ক্যামেরার পেছনের মানুষ। ক্যামেরার সামনে দাঁড়ালে বিব্রত হই। পরিচিতজনদের অনুরোধ রাখতে গিয়ে দু-একটা কাজ করে ফেলেছি। কিন্তু ওখানে খুব বেশি দাঁড়াতে চাই না। ক্যামেরার পেছনেই আমার আসল ঠিকানা।’ নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। এই নাটকে আরও অভিনয় করেছেন রওনক হাসান, তানিয়া হোসাইন, টুসি ও দুখু সুমন। নাটকের মধ্যে দুটি সাক্ষাৎকারে অংশ নিয়েছেন নাট্যনির্মাতা অনিমেষ আইচ ও দীপংকর দীপন।