পরিচালনার খাতায় নাম লেখাচ্ছেন কেট ব্ল্যানচেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট ব্ল্যানচেট
কেট ব্ল্যানচেট

‘দ্য লর্ড অব দ্য রিংস’খ্যাত অস্কারজয়ী অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেট এবার ক্যামেরার পেছনে কাজ করতে যাচ্ছেন। মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী ‘দ্য ডিনার’ ছবি পরিচালনার মাধ্যমে চিত্রনির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ৪৪ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।

হারমান কচের লেখা ‘দ্য ডিনার’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য একই শিরোনামের ছবিটির কাহিনিতে দেখা যাবে, এক দম্পতি তাঁদের টিনেজ সন্তানদের বিষয়ে কঠিন একটি সিদ্ধান্ত নিতে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। একদিন আমস্টারডামের বিলাসবহুল একটি রেস্তোরাঁয় তাঁরা সবাই একত্র হন। গল্পের শুরুটা এমনই। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ধীরে ধীরে গল্পের জট খুলতে থাকে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘এইচশোবিজ’।  

২০০৯ সালে প্রকাশিত ‘দ্য ডিনার’ উপন্যাসটি দারুণ সাড়া ফেলেছিল। বেস্ট-সেলার বইটি পরবর্তী সময়ে ২১টি ভাষায় অনূদিত হয়েছে।

মার্টিন স্করসেসে পরিচালিত ‘দ্য এভিয়েটর’ (২০০৪) ছবিতে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে অভিনয় করেছিলেন কেট। ছবিটিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার পুরস্কার দেওয়া হয় তাঁকে। বাফটা, গোল্ডেন গ্লোবসহ আরও অনেক পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে।

কেট অভিনীত সর্বশেষ ছবি ‘ব্লু জেসমিন’ মুক্তি পেয়েছে গত জুলাই মাসে। অস্কারজয়ী প্রখ্যাত মার্কিন চলচ্চিত্র নির্মাতা উডি অ্যালেনের চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির নাম ভূমিকায় দেখা গেছে কেটকে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে কেট অভিনীত ‘দ্য মনুমেন্টস মেন’, ‘দ্য হবিট: দ্য ডেজুলেশন অব স্মাগ’ ও ‘দ্য হবিট: দেয়ার অ্যান্ড ব্যাক’ ছবিগুলো।