পরিচালনায় মৌসুমীর ছেলে স্বাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি চলচ্চিত্রের তারকা দম্পতি মৌসুমী-ওমর সানীর ছেলে ফারদিন এহসান স্বাধীন নাটকের পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। স্বাধীন পরিচালিত নাটকটির নাম ‘ফল্স’। গত ২ আগস্ট থেকে ঢাকার উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনার কাজও করেছেন স্বাধীন।এ প্রসঙ্গে স্বাধীন বলেন, ‘প্রথমে আমি এই নাটকের গল্পটি দিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলাম। সম্পাদনার পর কাজটি আম্মুকে দেখালাম। আম্মু আমার কাজটি দেখার পর নির্মাণের বেশ প্রশংসা করেন। পরে আম্মুর উত্সাহেই তথ্যচিত্রটিকে নাটকে রূপ দিই। শুধু তাই নয়, নাটক নির্মাণের ক্ষেত্রে আমাকে আরও দুজন মানুষ নানাভাবে উত্সাহ দিয়েছেন। তাঁদের একজন আমার বাবা ওমর সানী ও অন্যজন নির্মাতা রাজ আংকেল (মোহাম্মদ মোস্তফা কামাল রাজ)। নাটকের গল্প সম্পর্কে স্বাধীন প্রথম আলো ডটকমকে বলেন, এটি মূলত দুই ভাইয়ের গল্প। এদের একজন বোকা এবং অন্যজন খুবই চালাক। তাঁদের নানা ঘটনা নিয়ে ফল্স নাটকের গল্প এগোতে থাকে।মৌসুমী ও ওমর সানী দম্পতির ছেলে ফারদিন এহসান স্বাধীন একটি বেসরকারি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। জানালেন, স্কুলের ছুটির মধ্যে যে সময়টা পাবেন, তখন তিনি টুকটাক নাটক নির্মাণের কাজ করবেন। এদিকে ছেলে স্বাধীনের পরিচালনার কাজটিতে বেশ আনন্দিত মা মৌসুমী। তিনি বলেন, ‘স্বাধীনের এ ধরনের প্রয়াসে আমি খুবই খুশি। সচেতনভাবেই হোক আর অসচেতনভাবেই হোক সে যে আমাদের এই জগত্টা নিয়ে ভাবছে এবং আমাদের মিডিয়ার প্রতি তার ভালোবাসা তৈরি হয়েছে এটা আমাকে অনেক আনন্দ দিয়েছে। আমি চাইব, সে তার কাজ দিয়ে নিজের আলাদা একটা অবস্থান তৈরি করবে। স্বাধীনের প্রতি আমার শুভকামনা রইল।’ স্বাধীনের বাবা ওমর সানীও বেশ উচ্ছ্বসিত। তিনি বললেন, ‘এটা আমার জন্য অন্যরকম অনুভূতি। এরই মধ্যে আমি একদিন ওর শুটিং স্পটে গিয়েছিলাম। স্বাধীনের পেশাদারি মনোভাবের পাশাপাশি নির্মাণের কলা-কৌশল আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস, ওর এই নাটকটি দেখে সবার ভালো লাগবে।’