পরিচালনায় রাজ্জাকপুত্র সম্রাট
‘নায়করাজ’খ্যাত রাজ্জাকের ছেলে চলচ্চিত্র অভিনেতা সম্রাট ছবিতে অভিনয়ের পাশাপাশি এরই মধ্যে কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন। সম্রাট এবার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। অবশ্য বড় পর্দায় নয়, ছোটপর্দার নির্মাতা হতে যাচ্ছেন তিনি।আগামী জুনের প্রথম সপ্তাহে সম্রাটের পরিচালনায় নির্মিতব্য নাটকটির শুটিং শুরু হবে। শুধু তা-ই নয়, সম্রাট জানিয়েছেন, নাটকটির গল্প ও চিত্রনাট্য দুইই তাঁর লেখা। নাম ‘ভালোবাসা ইম্পসিবল’। পরিচালনার পাশাপাশি নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করবেন তিনি। তাঁর সঙ্গে জুটি হবেন রাখি।নাটকের গল্প সম্পর্কে সম্রাট বলেন, সম্রাট ও রাখি ফেসবুকের মাধ্যমে দুজনের প্রেমে পড়েন। দীর্ঘদিন ধরে ফেসবুকে তাঁদের ভালোবাসার সম্পর্ক চলতে থাকে। একসময় দুজনের পরিবার থেকেই বিয়ের চাপ আসে। এরপর নানা দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে চলতে থাকে তাদের সম্পর্ক।নাটক পরিচালনা সম্পর্কে সম্রাট বলেন, ‘বর্তমানে ফেসবুকের মাধ্যমে প্রেম করতে গিয়ে অনেকে প্রতারিত হচ্ছেন। এই অবক্ষয় তুলে ধরতেই এমন একটি গল্পের নাটকটি নির্মাণ করছি।’‘ভালোবাসা ইম্পসিবল’ নাটকটিতে আরও অভিনয় করবেন সোহেল খান, আহসানুল হক মিনু ও ছবি।জানা গেছে, আগামী ৪ ও ৫ জুন উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্স ও শিশির হাউসে নাটকের শুটিং হবে। নাটকটি প্রযোজনা করছে রাজলক্ষ্মী টেলিফিল্ম।