পরিচ্ছন্নতা নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য পুরস্কৃত
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হয়ে গেল ‘শর্ট অ্যান্ড ক্লিন’ প্রতিযোগিতা। সম্প্রতি দেওয়া হয়েছে এর পুরস্কার। পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবি জার্নি বাই ডাস্ট-এর জন্য এতে বিজয়ী হয়েছেন আবদুল্লাহ মাহফুজ।
দেশটাকে পরিষ্কার করি ২০১৭ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিযোগিতাটির আয়োজন করে সামাজিক সংগঠন ‘পরিবর্তন চাই’। বিষয় ছিল উন্মুক্ত পরিসরের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডাস্টবিনের ব্যবহার। এ বিষয়বস্তুর ওপর নির্মিত ৬০টি স্বল্পদৈর্ঘ্য ছবি জমা নেওয়া হয়। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তিন শ ফুট এলাকায় ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রদর্শিত হয় ১৫টি ছবি।
প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার জিতেছে শহিদুল ইসলামের লুকিং গ্লাস এবং তৃতীয় পুরস্কার জিতেছে আশিকুজ্জামান পরিচালিত গ্রোয়িং আওয়ার কমন সেন্স, সাইফুল ইসলামের সাদা কয়লা এবং ক্রাই ফর দাইসেলফ। এই প্রতিযোগিতার বিচারক ছিলেন মোবাশ্বের হোসেন, রফিকুন নবী, মসিহউদ্দিন শাকের, আবুল হায়াত, ফারাহ কবির, আবু সাইদ আহমেদ ও রাশেদ জামান।