পরিচ্ছন্নতাকর্মী মিলন!
আনিসুর রহমান মিলন এখন পুরোদস্তুর পরিচ্ছন্নতাকর্মী। এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা নিয়ে দারুণ ব্যস্ত তিনি। শুধু পরিষ্কার করেই ক্ষান্ত থাকছেন না, সবাইকে যেখানে-সেখানে ময়লা ফেলার কুফল সম্পর্কেও সচেতন করছেন। গল্পটি ফোর্থ ক্লাস সোসাইটি নামের ধারাবাহিকের। এখানে পরিচ্ছন্নতাকর্মীর চরিত্রে অভিনয় করছেন মিলন।মিলন বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীর ভূমিকায় এবারই প্রথম কাজ করছি। এখানে আমি বরিশালের আঞ্চলিক ভাষায়ও সংলাপ বলছি। এ ব্যাপারে সহশিল্পীরা সহযোগিতা করছেন। নাটকটির সহকারী পরিচালক বরিশালের হওয়ায়, তাঁর কাছ থেকেও সহযোগিতা নিচ্ছি। বরিশালের আঞ্চলিক ভাষায় এবারই প্রথম অভিনয় করেছি। আশা করছি, দর্শকেরা এটা একেবারেই টের পাবে না।’ ফোর্থ ক্লাস সোসাইটি নাটকটি রচনা করেছেন নওমী কামরুন। পরিচালনা করছেন সাইফ চন্দন। মিলন জানালেন, সম্প্রতি রাত দশটা ৪০ মিনিট নামে আরও একটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। এই নাটকে তিনি একজন খুনির চরিত্রে অভিনয় করেছেন।