পরিণীতির লম্বা ছুটি

পরিণীতি চোপড়ার ওজন ছিল ৮৬ কেজি! প্রথম ছবিতে সাইন করার আগে পরিণীতির সেই কুমড়ো পটাশ চেহারা গুগলে সার্চ দিলে সহজেই খুঁজে পাওয়া যায়। সেই পরিণীতি ৮৬ থেকে হলেন ৫৭! ৩৬ কোমরের তাঁর প্রিয় ব্র্যান্ড ডেনিমের জিনসটা কমে এখন হয়েছে ৩০। নায়িকা হতে হলে কত অসাধ্যই না সাধন করতে হয়!
অথচ বলিউড অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার গড়ার কোনো স্বপ্নই ছিল না পরিণীতির। চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের বাসিন্দা হওয়ার পরও পরিণীতি হতে চেয়েছিলেন একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিজনেস স্কুলে ট্রিপল অনার্স ডিগ্রি নিয়ে দেশে ফিরেই জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন বলিউডের শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসে। এরপর হঠাৎ করেই সব যেন পাল্টে গেল।
যশরাজ ফিল্মসের অন্যতম কর্তাব্যক্তি আদিত্য চোপড়ার প্রস্তাবে এক সাইনেই তিন ছবির নায়িকা বনে যান পরিণীতি। লেডিস ভার্সেস রিকি বহেল, ইশকজাদে, শুদ্ধ দেশি রোমান্স যশরাজের সেই তিনটি ছবিই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। এ পর্যন্ত মুক্তি পাওয়া সব ছবিতেই দর্শক তাঁকে পেয়েছেন নতুনভাবে। বিচিত্র ধরনের চরিত্রে যথাযথ অভিনয়ের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন তাঁর সক্ষমতা।
২৯ কেজি ওজন কমিয়ে পরিণীতির নায়িকা হওয়ার গোপন রহস্যটা কী? তাঁর কাছ থেকেই পাওয়া গেল উত্তর, ‘বাইরের খাবার থেকে শুরু করে রিচ ফুড, যা খেতে মন চাইছে খান, কিন্তু কখনো ব্যায়াম করতে ভুলবেন না। আর ব্যায়াম করতে যদি ইচ্ছা না হয়, তবে মন খুলে নাচুন। দেখবেন, মন প্রফুল্ল থাকবে আর ওজন কমে যাবে, যা আপনি টেরও পাবেন না।’
বলিউডের ‘বাবলি গার্ল’ পরিণীতি এতটাই ভোজনরসিক যে শুধু সেসব সিনেমা হলেই যান, যেখানে ভালো খাবার পাওয়া যায়। পিৎজা এই তারকার সবচেয়ে পছন্দের খাবার। সবকিছু ছাড়তে পারেন কিন্তু পিৎজাকে না বলতে পারেন না। এমনকি মধ্যরাতেও অর্ডার দিয়ে পিৎজা এনে খান।
বলিউডের সবচেয়ে প্রভাবশালী নির্মাতা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের নিয়মিত নায়িকা এখন পরিণীতি। তিনি এবার অভিনয় করলেন এই ব্যানারের কিল দিল ছবিতে। আদিত্য চোপড়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেন সাদ আলী। ছবিতে পরিণীতির বিপরীতে রয়েছেন রণবীর সিং। ৩৫ কোটি রুপি বাজেটের ছবিটি প্রথম চার দিনে ভারত থেকে আয় করেছে ২৩ কোটি রুপি। ছবিতে পরিণীতি, রণবীর ছাড়াও আছেন গোবিন্দ ও আলী জাফর। এই ছবিতে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ।
সম্প্রতি সাইফ আলী খানের সঙ্গে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পরিণীতি। পরিণীতির ভক্তদের জন্য একটি দুঃসংবাদ আছে, আগামী ১০ মাস রুপালি পর্দায় মুখ দেখাবেন না তিনি। হাসি তো ফাঁসি, দাওয়াত-ই-ইশক এবং সর্বশেষ কিল দিল-এ বছর টানা তিনটা ছবি মুক্তি দিয়ে একটু হাঁপিয়ে উঠেছেন তিনি। তাই তো পরিণীতির এবার একটু ছুটি দরকার। মাস দশেকের লম্বা ছুটি।
সাজিদুল হক
ইন্ডিয়া টুডে, বলিউড হাঙ্গামা এবং টিওআই অবলম্বনে