২০১১ ছিল রেকর্ড গড়ার বছর—কথাটার মধ্যে একটা শুভংকরের ফাঁকি আছে। হ্যাঁ, ২০১১ সালে হলিউডে আয়ের দিক দিয়ে বেশ কিছু ছবি রেকর্ড করেছে। কিন্তু সেটা সার্বিক চিত্রটার সূচক অন্তত নয়। গত শনিবার বছর শেষ হওয়ার পর আয়-ব্যয়ের খেরোখাতা মেলানোর পর দেখা যাচ্ছে, গত ১৬ বছরের মধ্যে এটাই ছিল হলিউডের সবচেয়ে হতাশার বছর, যদি দর্শক উপস্থিতিকে বিবেচনায় নেওয়া হয়। টিকিটের দুর্মূল্য অনেক দর্শককেই থিয়েটারবিমুখ করেছে। গত বছরে টিকিট বিক্রির আনুমানিক পরিমাণ ছিল ১২৮ কোটি, যেটি গত বছরের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ কম। ১৯৯৫ সালের পর এটাই হলিউডে সবচেয়ে কম টিকিট বিক্রির হার, সেবার টিকিট বিক্রি হয়েছিল ১২৬ কোটি।গত বছর একসঙ্গে তিন-তিনটি ছবি আয়ের দিক দিয়ে বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে। এর আগে যেখানে সব মিলে হলিউডে বিলিয়নের কোটা পূরণ করতে পেরেছিল মাত্র সাতটি ছবি। এটা যেমন সত্যি, তেমনি এও সত্যি, সিংহভাগ ছবিই প্রত্যাশা অনুযায়ী গত বছর ব্যবসা করতে পারেনি। ফলে হলিউডের মোট আয়ের পরিমাণও কমেছে। যুক্তরাষ্ট্রে হলিউডের মোট আয় ছিল এক হাজার ২০ কোটি ডলার। আগের বছরের তুলনায় যেটি ৩ দশমিক ৫ শতাংশ কম।প্রযোজকেরা তাই চাইলে মুখ গোমড়া করতেই পারেন। তবে তাঁদের মুখে হাসি ফোটাতে ২০১২ সালে আসছে একের পর এক বিশাল বাজেটের, বড় সিরিজগুলোর নতুন ছবি। আসছে ব্যাটম্যান, স্পাইডারম্যানের মতো দুই সুপার হিরো। আসছেন দুর্ধর্ষ স্পাই জিরো-জিরো-সেভেন জেমস বন্ড। ‘মেন ইন ব্ল্যাক’ সিরিজের তৃতীয় ছবি মুক্তি পাবে এ বছর। বছরের শেষ দিকে মুক্তি পাবে টোয়ালাইট সিরিজের শেষ ছবি ব্রেকিং ডন-এর দ্বিতীয় পর্ব। টোয়ালাইটের বেলা চরিত্রটি দিয়ে মাত করে দেওয়া ক্রিস্টেন স্টুয়ার্টেরই আরেকটি ছবি স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান মুক্তি পাবে এ বছর জুনে। রূপকথার চরিত্র স্নো হোয়াইট নিয়ে আরেকটি ছবি মুক্তি পাবে। মিরর মিরর নামের যে ছবিতে অভিনয় করেছেন জুলিয়া রবার্টস। শুধু সুপার হিরো বা রূপকথার চরিত্র নয়। এ বছর মুক্তি পাবে বাস্তব জীবনকাহিনি অবলম্বনে নির্মিত কয়েকটি ছবিও। এর মধ্যে সবার সামনে আছে লিঙ্কন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে নিয়ে। এই ছবি বানিয়েছেন নামী নির্মাতা স্টিফেন স্পিলবার্গ। অ্যানিমেশন ছবির ভক্তদের জন্যও সুখবর আছে। দুই জনপ্রিয় সিরিজ আইস এজ ও মাদাগাস্কার-এর নতুন পর্বও মুক্তি পাবে ২০১২ সালে।এ বছর ফিরে আসছে ২০ শতকের মাঝামাঝি দর্শকের হাসির ফোয়ারায় মাতিয়ে রাখা থ্রি স্টুজেসও। পরিচালক ফ্যারিলি ভ্রাতৃদ্বয়—ববি আর পিটার এই তিন অদ্ভুতুড়ে ভাঁড়কে এই একুশ শতকে কীভাবে উপস্থাপন করেন, সেটা দেখার জন্য উন্মুখ হয়ে আছে সবাই। ছবিটি মুক্তি পাবে মার্চে। ওই মাসে মুক্তি পাবে হাঙ্গার গেমস। সায়েন্স ফিকশন, অ্যাকশন ও ড্রামা ধাঁচের এ ছবিটি বানানো হয়েছে সুজানে কলিন্সের সাড়া জাগানো বেস্ট সেলিং ট্রিলজির প্রথমটি থেকে। চারটি ছবির এই সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন ২০১০ সালে অস্কার মনোনয়ন পাওয়া জেনিফার লরেন্স।অ্যামেজিং স্পাইডারম্যান ছবিটি মুক্তি পাবে জুলাইয়ে। ওই মাসে মুক্তি পাবে ‘ব্যাটম্যান’ সিরিজের ছবি দ্য ডার্ক নাইট রাইজেস। জেমস বন্ডের জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। নভেম্বরে মুক্তি পাবে বন্ড সিরিজের ২৩তম ছবি স্কাইফল। গত বছর রাচেল ভাইসের সঙ্গে বিয়ের মালা বদল করে ফেলা ড্যানিয়েল ক্রেগের জন্য এটি হবে বন্ড চরিত্রে তাঁর হ্যাটট্রিক। এ বছরের বড়দিনে মুক্তি পাবে বছরের সবচেয়ে বড় ছবিগুলোর একটি দ্য গ্রেট গ্যাটসবাই। ১৯২৫ সালে প্রকাশিত স্কট ফিৎজেরাল্ডের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। রা.হা.তথ্য: হলিউড রিপোর্টার