পরিনীতির সঙ্গে আব্রামের 'তলোয়ার যুদ্ধ'!

বলিউড বাদশা শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম যেন সবার চোখের মণি। আদুরে আব্রামের মিষ্টি হাসিতেই মুগ্ধ সবাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডারসের প্রায় সব ম্যাচেই বাবার সঙ্গে মাঠে হাজির হয় আব্রাম। দর্শকদের চোখ তখন তো আর শুধু খেলায় থাকে না। দুই বছরের এই আদুরে শিশুর মজার সব কাণ্ডকীর্তিও মাঠের বড় পর্দায় ধরা পড়ে। গতকালও কলকাতার ইডেন গার্ডেনে এমন ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডারস ও রয়্যাল চ্যালেঞ্জারসের ম্যাচ ছিল। শাহরুখের সঙ্গে তাঁর ছোট ছেলে তো ছিলই, তাঁদের সঙ্গে গতকালের ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়াও। সেখানে ছোট্ট আব্রামের সঙ্গে এই ‘ইশাকজাদে’ তারকা বেশ খুনসুটিতে মেতে ওঠেন। খেলায় চার–ছক্কা দেখার চেয়ে যেন শাহরুখ পুত্রের সঙ্গে খেলাতেই বেশি আনন্দ পাচ্ছিলেন এই অভিনেত্রী। গ্যালারিতে তাঁরা দুজন মিলে মিছেমিছি তলোয়ার খেলেছেন। খুদে তারকা আব্রামের একটি ফ্যান পেইজ সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন। এরই মধ্যে ভিডিওটি অনলাইনে বেশ কয়েকবার শেয়ার হয়েছে। ফিল্মফেয়ার।