পরিবর্তন ও সংস্কারের ধারা অব্যাহত থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামেন্দু মজুমদার দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বিশ্ব সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর চীনের শামেনে অনুষ্ঠিত হলো আইটিআইয়ের বিশ্ব কংগ্রেস। এবার ৬৫টি দেশের তিন শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। ৩৩তম বিশ্ব কংগ্রেসের সমাপনী দিনে গত ২৪ সেপ্টেম্বর রামেন্দু মজুমদারকে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য আইটিআইয়ের বিশ্ব সভাপতি নির্বাচন করা হয়। গত সোমবার দেশে ফিরেছেন তিনি। এরপর মুঠোফোনে তাঁর একটি সাক্ষাৎকার নেওয়া হয়।আপনি আবারও আইটিআইয়ের বিশ্ব সভাপতি নির্বাচিত হয়েছেন। আপনাকে শুভেচ্ছা। ধন্যবাদ।দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার পর কেমন লাগছে?খুব ভালো লাগছে। আমাদের আইটিআইয়ের কাউন্সিল হয় দুই বছর পরপর। কিন্তু এবার হয়েছে তিন বছর পর। আমি মনে করি, বিশ্বের থিয়েটারের জন্য এই পুরো সময়টা আমি যে কাজগুলো করেছি, এটা তারই মূল্যায়ন। এবার নির্বাচনে অংশ নেওয়ার আগে আমি ঘোষণা দিয়েছিলাম, এরপর বিশ্ব সভাপতি পদে আমি আর নির্বাচন করব না। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় আইটিআইয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের নির্বাচন। নব নির্বাচিত এক্সিকিউটিভ কাউন্সিলে রয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, জ্যামাইকা, চীন, ফুজায়রা (আরব আমিরাত), সুইডেন, ফিলিপাইন, সুইজারল্যান্ড, কোরিয়া, স্লোভেনিয়া, বুরকিনা ফাসো, নেদারল্যান্ডস, বেলজিয়াম, মেক্সিকো, জাপানসহ ১৯টি দেশের প্রতিনিধি। তাঁরাই শনিবার সর্বসম্মতিতে আমাকে বিশ্ব সভাপতি হিসেবে নির্বাচন করেছেন।প্রথম মেয়াদে বিশ্ব সভাপতি হিসেবে আপনি কী কী উল্লেখযোগ্য কাজ করেছেন?২০০৮ সালে বিশ্ব সভাপতি হওয়ার পর আমি আইটিআইয়ে ব্যাপক পরিবর্তন এনেছি। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একই নিয়মনীতিতে চলছিল সংগঠনটি। আমি এর বিধিমালা ও কার্যপদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এনেছি। বলতে পারেন, ঢেলে সাজিয়েছি। আগে একজন বিশ্ব সভাপতি পরপর অনেক বছর থাকতে পারতেন। আমি এসে নিয়ম করেছি, পরপর দুইবারের বেশি কেউ বিশ্ব সভাপতি হতে পারবেন না। বিশ্বের অনেক দেশে আইটিআইয়ের কেন্দ্রগুলো অকার্যকর ছিল। আমরা সেগুলোকে কার্যকর করার ব্যাপারে নানা ধরনের উদ্যোগ নিয়েছি। আটটি দেশে নতুন কেন্দ্র খুলেছি। নানা রকম প্রকাশনা বের করছি। আইটিআইয়ের ‘ওয়ার্ল্ড অব থিয়েটার’ নামে একটি প্রকাশনা আছে। এ পর্যন্ত ১১ বার এটি প্রকাশিত হয়েছে। আর শুধু বাংলাদেশ থেকেই এটি প্রকাশিত হয়েছে নয়বার। এবারও আমরা এটি প্রকাশ করেছি।আগামী দুই বছরের জন্য কী ভাবছেন?আইটিআইয়ে পরিবর্তন ও সংস্কারের যে ধারাটা সূচিত হয়েছে, তা অব্যাহত রাখা। আইটিআইকে সবার কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলা এবং এর কর্মতৎপরতা বাড়ানো। পাশাপাশি বাংলাদেশ এর মধ্যে থেকে যতটা সুযোগ নিতে পারে, তার চেষ্টা করা। যেমন আইটিআই থেকে আমরা সামনে বাংলাদেশে আন্তর্জাতিক মানের কর্মশালা ও উৎসব আয়োজন করব। পাশাপাশি প্রকাশনাও বের করব।তরুণ নাট্যকর্মীদের জন্য কী ভাবছেন?এবার কিন্তু আমি বিশ্বের তরুণ নাট্যকর্মীদের অংশগ্রহণের ওপর বেশি জোর দিচ্ছি। তাদের ওপরই তো আইটিআইয়ের ভবিষ্যৎ নির্ভর করছে। এবারের বিশ্ব কংগ্রেস কেমন হলো?৩৩তম এই কংগ্রেসটি হয়েছে চীনে, তাদের আতিথেয়তা প্রশংসনীয়। পুরো আয়োজনে কোথাও এতটুকু ভুল বের করার সুযোগ ছিল না। এবার আমরা বাংলাদেশ থেকে একটা উদ্যোগ নিয়েছি। প্রতিদিন আমরা একটা নিউজ লেটার প্রকাশ করেছি। আর তা দেখে সবাই খুব অবাক হয়েছিল। আমাদের আলোচনা ছিল তিন ঘণ্টার। প্রতি এক ঘণ্টা পর বিরতি ছিল। এই বিরতিতে বিভিন্ন দেশের নাট্যকর্মীরা ছোট ছোট কিছু পরিবেশনা উপস্থাপন করেছেন। সেগুলো ছিল অসাধারণ। এবার সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুদানের আলী মাহাদি এবং সুইডেনের অ্যান মারি অ্যাঙ্গেল।আগামী বিশ্ব কংগ্রেস কোথায় হবে?আগামী বিশ্ব কংগ্রেস হবে ২০১৩ সালে, কিউবায়।সাক্ষাৎকারটি নিয়েছেন: মেহেদী মাসুদ